নাসিম ওসমানের যত প্রতিশ্রুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ থেকে কে মনোনয়ন পাবেন, তা আর কেউ না জানলেও আমি জানি। আর আমার সঙ্গে দ্বন্দ্ব আছে, এমন কেউ জয়ী হলে নারায়ণগঞ্জের উন্নয়নও থেমে যাবে। তাই বুঝেশুনে ভোট দিতে হবে।’গত বুধবার নারায়ণগঞ্জের মাসদাইর পৌর উচ্চবিদ্যালয়ের নবনির্মিত ভবনের দোতলার উদ্বোধন করতে গিয়ে কথাগুলো বলছিলেন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সাংসদ নাসিম ওসমান। তাঁর ভাই শামীম ওসমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থী। নগরবাসী ও মেয়র নির্বাচনের সম্ভাব্য দুই প্রার্থীর অভিযোগ, নির্বাচনকে সামনে রেখে এক সপ্তাহ ধরে প্রতিদিনই এলাকায় আসছেন নাসিম ওসমান। এলাকাবাসীকে তিনি উন্নয়নের নানান প্রতিশ্রুতিও দিচ্ছেন। নাসিম ওসমান গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঊর্ধ্বতন কর্মকর্তাদের নারায়ণগঞ্জ নদী বন্দরে নিয়ে আসেন। পরে তিনি সরকারি কর্মকর্তাদের নিয়ে নারায়ণগঞ্জ ক্লাবে মধ্যাহ্নভোজ সারেন। এরপর বিকেলে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির প্যাডে সাংবাদিকদের কাছে একটি সংবাদ বিজ্ঞপ্তিও পাঠানো হয়। নাসিম ওসমান জাতীয় পার্টি থেকে নির্বাচিত হয়েছিলেন।ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শিগগিরই দীর্ঘদিনের প্রত্যাশিত নারায়ণগঞ্জ ও বন্দরের মধ্যে ফেরি সার্ভিস চালু হচ্ছে। এ লক্ষ্যে সংযোগ সড়কের নির্মাণকাজের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। বিআইডব্লিউটিএর কর্মকর্তারা সাংসদের সঙ্গে গতকাল এলাকা পরিদর্শন করেছেন।’ গতকালের সফরে নাসিম ওসমানের সঙ্গে ঢাকা থেকে গিয়ে যোগ দেন বিআইডব্লিউটিএর পরিচালক (বন্দর) মাহবুবুল আলম, জেলার তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম তালুকদার, নারায়ণগঞ্জ নদী বন্দরের ঊর্ধ্বতন উপপরিচালক সাইফুল আলম, নির্বাহী প্রকৌশলী এইচ এম ফরহাদুজ্জামান প্রমুখ। নাম প্রকাশে অনিচ্ছুক বিআইডব্লিউটিএর একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, নাসিম ওসমানের অনুরোধে এবং নৌমন্ত্রীর নির্দেশে সরকারি ছুটির দিনেও তাঁরা নারায়ণগঞ্জে এসেছিলেন।এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএর পরিচালক (বন্দর) মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা সাইট পরিদর্শন করতে সেখানে গিয়েছিলাম।’ এটি কোনো সরকারি কর্মসূচি ছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘নৌমন্ত্রীর সভাপতিত্বে আগে একটি সভা হয়েছিল। সেখানে সিদ্ধান্ত হয়, ওই এলাকায় ফেরি সার্ভিস চালু হবে। তাই আমরা গিয়েছিলাম।’ মন্ত্রী গিয়ে তো এটি উদ্বোধন করে এসেছেন, তাহলে আবার যাওয়ার প্রয়োজনীয়তা কেন জানতে চাইলে তিনি বলেন, ‘প্রয়োজন ছিল’। তবে সরকারি অনুমোদন নিয়ে সেখানে গিয়েছিলেন কি না, সে ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি। এলাকাবাসী জানিয়েছে, বন্দর উপজেলা ও নারায়ণগঞ্জ শহরের মধ্যে যাতায়াতে সুবিধার জন্য এক বছর আগে শীতলক্ষ্যা নদীতে নারায়ণগঞ্জ টার্মিনাল ঘাট এলাকায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে এনে ফেরি সার্ভিসের জেটি উদ্বোধন করানো হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত ফেরি সার্ভিস চালু হয়নি।এর আগে ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণাকালে নাসিম ওসমান প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি নির্বাচিত হলে শহর ও বন্দরে যাতায়াতের সুবিধার্ধে শীতলক্ষ্যা নদীর ওপর দুটি সেতু ও নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ করবেন। গত আড়াই বছরে সেতু তো দূরের কথা, ছয় মাস আগে পন্টুন বসালেও ফেরি সার্ভিসটি চালু হয়নি। আরও যত প্রতিশ্রুতি: এর আগে গত শনিবার ও রোববার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকার গ্যাসের চাপ পরিদর্শন করতে যান নাসিম ওসমান। এ সময় তিনি বলেন, ‘নারায়ণগঞ্জবাসীর প্রাণের দাবি শীতলক্ষ্যা সেতু। এই সরকারের আমলেই সেতুটি হবে।’ এ ছাড়া নারায়ণগঞ্জের ফ্লাইওভার, এলিভেটেড ট্রেন, বন্দরের রাস্তাঘাটের উন্নয়ন, হাসপাতাল, মেডিকেল, বিশ্ববিদ্যালয়সহ নানা প্রতিষ্ঠান নির্মাণ ও উন্নয়নের প্রতিশ্রুতি দেন নাসিম ওসমান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা তিতাস অফিসের উপসহকারী প্রকৌশলী সাইফুল্লাহ মেহেদি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জরুরি কাজে ব্যবহারের জন্য তিতাসের নারায়ণগঞ্জ আঞ্চলিক অফিসে একটি জরুরি পিকআপ গাড়ি আছে। এ গাড়িটি নিয়ে বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে নারায়ণগঞ্জ শহর ও বন্দর উপজেলার বিভিন্ন এলাকার গ্যাসের চাপ পরিদর্শন করছেন নাসিম ওসমান। এ সময় তিনি শামীম ওসমানের পক্ষে ভোট চাইছেন এবং উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।তিতাস গ্যাসের নারায়ণগঞ্জের কোনো কর্মকর্তা এ বিষয়ে কথা বলেননি। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানান, তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমোদন ছাড়াই নাসিম ওসমান তাঁর প্রভাব খাটিয়ে একজন ঠিকাদারের মাধ্যমে নিম্নপদস্থ কর্মচারীদের নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে গ্যাস সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন। এ ছাড়া নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগমুহূর্তে নাসিম ওসমান ৩০টি রাস্তা, ড্রেনের নির্মাণের কাজ শুরু করার জন্য সিটি করপোরেশনের প্রশাসককে চাহিদাপত্র (ডিও লেটার) দিয়েছেন বলেও জানা গেছে।এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিনুল্লাহ নূরী জানান, কয়েক দিন আগে নাসিম ওসমান নগর ভবনে এসে রাস্তা ও ড্রেন নির্মাণকাজের জন্য ডিও লেটার দিয়েছেন। এ ছাড়া কয়েক দিন আগে বন্দর উপজেলায় সিরাজউদ্দৌলা ক্লাব মাঠের পাশে ওয়াসার গভীর নলকূপ স্থাপনের একটি অনুষ্ঠানে নাসিম ওসমান বলেন, ‘আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে শামীম ওসমানকে মেয়র নির্বাচিত করলে তাঁরা দুই ভাই মিলে নারায়ণগঞ্জকে এমনভাবে সাজাবেন, যাতে কাউকে কোনো উন্নয়ন কাজের দাবি করতে না হয়।’ অনুষ্ঠানে ঢাকা ওয়াসার টাউন প্রকল্পের মহাপরিচালক শাহাদাৎ হোসেন, নির্বাহী প্রকৌশলী মিহির কুমার দত্ত, নারায়ণগঞ্জ মডসের নির্বাহী প্রকৌশলী আবদুল খালেকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।দুই প্রার্থীর অভিযোগ: সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য দুজন মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার ও সেলিনা হায়াত আইভীর অভিযোগ, শামীম ওসমান যেন এ নির্বাচনে জয়ী হতে পারেন, সে কারণে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে নানা ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন নাসিম ওসমান। সেলিনা হায়াত আইভী প্রথম আলোকে বলেন, ‘সাংসদ নাসিম ওসমান তাঁর ভাই শামীম ওসমানকে মেয়র বানানোর জন্য ক্ষমতার অপব্যবহার করে প্রশাসনের নানা স্তরে প্রভাব বিস্তার করছেন। তিনি সরকারের বিভিন্ন দপ্তরকে নিজেদের স্বার্থে ব্যবহার করছেন। বন্দরে এক বছর আগে জেটি উদ্বোধন হলেও নাসিম ওসমান সংসদ নির্বাচনের আগে দেওয়া তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী ফেরি সার্ভিস গত আড়াই বছরেও চালু করতে পারেননি। এখন নির্বাচনকে প্রভাবিত করতে নিজের ভাইকে মেয়র বানাতে নাসিম ওসমান নানা অপকৌশল চালাচ্ছেন। আমি নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেনের কাছে এ ব্যাপারে অভিযোগ করেছি।’ বিএনপির সম্ভাব্য প্রার্থী তৈমুর আলম খন্দকারের অভিযোগ, গত আড়াই বছরে এলাকার কোনো সমস্যায় সাংসদকে পাওয়া যায়নি। কিন্তু এখন সিটি নির্বাচন সামনে রেখে সাংসদ এলাকায় এসে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। বিষয়টি তিনি নির্বাচন কমিশনকে জানিয়েছেন। এ বিষয়ে বক্তব্য জানার জন্য নাসিম ওসমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। তবে শামীম ওসমান নির্বাচনে তাঁর পক্ষে কারও প্রভাব খাটানোর অভিযোগ অস্বীকার করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের যে উন্নয়নকাজ, তার বেশির ভাগই আমার করা। কাজেই জনগণ আমার সঙ্গে আছে।’ নারায়ণগঞ্জ সিটি করপোরেশের রিটার্নিং কর্মকর্তা ও উপনির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন সামনে রেখে নতুন করে কোনো উন্নয়ন প্রকল্পের কথা বলা যাবে না। কাজেই সাংসদ কী বলছেন, তা খতিয়ে দেখে আমরা ব্যবস্থা নেব।’