নাসির উদ্দিন পিন্টুর জামিনের স্থগিতাদেশ বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের মামলায় বিএনপির নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর জামিন স্থগিতের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২৩ জুন বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত আদেশ বহাল থাকবে বলে জানানো হয়। একই সঙ্গে এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আট বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে পিন্টু আপাতত মুক্তি পাচ্ছেন না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আদালতে পিন্টুর পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও বিজিবির পক্ষে আনিসুল হক মামলা পরিচালনা করেন। অ্যাটর্নি জেনারেল প্রথম আলোকে বলেন, পিন্টুর জামিনের স্থগিতাদেশ বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে নিয়মিত আপিল করতেও বলা হয়েছে। ৭ জুন হাইকোর্টের একটি বেঞ্চ এ মামলায় পিন্টুর ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন। এতে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। ৯ জুন ওই আবেদনের ওপর শুনানি শেষে আপিল বিভাগ পিন্টুর জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন। নাসির উদ্দিন পিন্টুর মামলায় তাঁর বিরুদ্ধে রাজধানীর পিলখানার বিদ্রোহী বিডিআর জওয়ানদের পলায়নে সহায়তার অভিযোগ আনা হয়েছে।