নাসিরউদ্দিন পিন্টুর জামিন আপিল বিভাগে স্থগিত
পিলখানা হত্যাযজ্ঞের মামলায় বিএনপির নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি আগামী রোববার শুনানির জন্য নিয়মিত বেঞ্চ পাঠিয়ে দেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।তবে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার মামলায় আবদুস সালাম পিন্টুর জামিন আবেদন স্থগিত হয়নি। এর আগে ৭ জুন হাইকোর্টের একটি বেঞ্চ পৃথক দুটি মামলায় বিএনপির এই দুই নেতার ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন। রাষ্ট্রপক্ষ গতকাল বুধবার এতে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করে। আজ দুপুরে চেম্বার বিচারপতির আদালতে আবেদনের ওপর শুনানি হয়। আদালতে তাঁদের পক্ষে আইনজীবী রফিক-উল হক ও খন্দকার মাহবুব হোসেন এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। খন্দকার মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, নাসিরউদ্দিন পিন্টুর জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ রোববার পর্যন্ত স্থগিত করা হয়েছে। ওই দিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বিষয়টি শুনানির জন্য পাঠানো হয়েছে। আবদুস সালাম পিন্টুর জামিনের বিষয়ে কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। আগামী বৃহস্পতিবার বিষয়টি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে আসবে বলে তিনি জানান। জানা যায়, বিডিআর বিদ্রোহের ঘটনায় ২০০৯ সালের ২৮ ফেব্রুয়ারি এ মামলাটি করা হয়। এতে নাসিরউদ্দিন পিন্টুর বিরুদ্ধে বিদ্রোহী বিডিআর জওয়ানদের পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগ আনা হয়। নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার অভিযোগে ২০০১ সালের ১৭ জুন মামলা করা হয়। এ মামলায় আবদুস সালাম পিন্টুকে গ্রেপ্তার দেখানো হয় ২০০৯ সালের ৯ নভেম্বর।