নাসিরনগরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন। আজ শুক্রবার সকালে এবং গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুণ্ডা ইউনিয়নের কুণ্ডা গ্রামের কাজিমপাড়া ও মোল্লা বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে ১২ জনকে জেলা সদর হাসপাতাল ও পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, মোল্লা বাড়ির মনোয়ার হোসেনের গরু গতকাল বিকালে কাজিমপাড়ার নজির মিয়ার (৫০) খেতের ধান খেয়ে ফেলে। এতে নজির মিয়া ক্ষিপ্ত হয়ে মোল্লা বাড়ির মনোয়ার হোসেনের শিশু কন্যা লিচু বেগমকে (৮) থাপ্পড় দেন। কিছুক্ষণ পর মোল্লাবাড়ির লোকজন নজির মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করে। এর জেরে গতকাল বিকেলে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। গতকালের সংঘর্ষকে কেন্দ্র করে আজ আবারও উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা, বল্লম ও দা নিয়ে সকাল ১০টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টা স্থায়ী এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষের ৫০ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে অন্তত পাঁচটি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে কোনো পক্ষই মামলা করেনি।