নাসিরাবাদে চাঁদাবাজির জন্য বাহিনী আছে মেহেদীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজির জন্য ৪০-৫০ জনের একটি বাহিনী গড়ে তুলেছেন মেহেদী হাসান। নিজেকে তিনি যুবলীগের চট্টগ্রাম নগর কমিটির সদস্য বলে পরিচয় দেন। এই পরিচয়ে তিনি নাসিরাবাদে শিল্পকারখানার মালিক থেকে ফুটপাতের চা-দোকানি—সবার কাছ থেকে চাঁদা নেন। গ্রেপ্তার করায় তিনি পুলিশকে প্রাণনাশের হুমকি দেন। আবার জামিন পেয়ে অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যকেও দিয়েছেন প্রাণনাশের হুমকি।বায়েজিদ থানার পুলিশ জানায়, গত সোমবার আদালত থেকে জামিনে বেরিয়ে মেহেদী সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট আবু তাহেরকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার তিনি মেহেদীর বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মেহেদীর গ্রেপ্তারে সার্জেন্ট তাহেরের ভূমিকা ছিল—এমন অভিযোগ এনে হুমকি দেওয়া হয় বলে জিডিতে বলা হয়েছে। এর আগে বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির অনুরূপ তিনটি জিডি করেন। ২৩ আগস্ট ওসি আবদুস সবুর করেন আরও একটি জিডি।সাবেক সেনাসদস্য তাহের প্রথম আলোকে বলেন, ‘শেরশাহ কলোনি এলাকার আইয়ুব রানার দোকানের সামনে সোমবার রাতে আমাকে মেহেদী হুমকি দেয়। তার ধারণা, আমি তাকে ধরিয়ে দিয়েছি।’ অবশ্য মেহেদী দাবি করেন, ‘আমি তাহেরকে কাকা সম্বোধন করে বলেছি, আপনি আমাকে ধরিয়ে দিয়েছেন। কাজটা কী ঠিক করেছেন?’পুলিশ সূত্র জানায়, রোববার রাতে একটি চাঁদাবাজি মামলায় মেহেদীকে গ্রেপ্তার করা হয়। পরদিন ওই মামলার বাদীকে আদালতে নিয়ে তাঁর জিম্মায় জামিন নেন তিনি। এর আগে তাঁর গ্রেপ্তারের খবরে যুবলীগের নেতা-কর্মীরা কোতোয়ালি থানায় গিয়ে তাঁকে ছেড়ে দিতে পুলিশকে চাপ দেন।র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মো. সাজ্জাদ হোসাইন প্রথম আলোকে বলেন, ‘মেহেদী নাসিরাবাদ এলাকায় ব্যাপক চাঁদাবাজি করছেন বলে আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ আছে। একটি চাঁদাবাজি মামলায় তিনি গ্রেপ্তার হয়ে আবার জামিন পান। ভুক্তভোগীরা তাঁর বিরুদ্ধে অভিযোগ দেওয়ার সাহস পান না। তাঁকে নিয়ন্ত্রণে র্যাব অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরী বলেন, ষোলশহর থেকে অক্সিজেন পর্যন্ত ৪০টির মতো পোশাক কারখানা আছে। বেশির ভাগ কারখানার মালিক নীরব চাঁদাবাজির শিকার হচ্ছেন। ব্যবসায়িক স্বার্থের কথা চিন্তা করে কেউ থানায় অভিযোগ দেন না।বায়েজিদ থানার রুবি গেট এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, বায়েজিদ থেকে টেক্সটাইল পর্যন্ত প্রতিটি চা-দোকান থেকে রমজান মাসে দুই হাজার টাকা করে চাঁদা নিয়েছে সন্ত্রাসীরা। মেহেদীর কথা বলে উঠতি বয়সের সন্ত্রাসীরা এই চাঁদা নেয়। বিষয়টি বায়েজিদ থানার পুলিশকে মৌখিকভাবে জানানো হলেও তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর বিষয়টি স্বীকার করে বলেন, ‘ভুক্তভোগীদের আমরা লিখিত অভিযোগ দিতে বলেছি।’ তিনি বলেন, ইউনিভার্সেল নামের একটি পোশাক কারখানার ঝুট জোরজবরদস্তি করে কম দামে কিনে নেন মেহেদী। প্রতি কেজি ঝুটের দাম ১৪ টাকা হলেও তিনি মাত্র ছয় টাকা করে দেন। এতে মালিকের প্রতি মাসে এক লাখ ৭০ হাজার টাকা ক্ষতি হয়।ওসি আরও বলেন, ‘মেহেদীর ৩০ জনের একটি বাহিনী আছে। এদের মধ্যে কুদ্দুস, ফিরোজ ও রিপন উল্লেখযোগ্য। তিনি ও তাঁর সহযোগীরা নাসিরাবাদের কয়েকটি পোশাক কারখানা, ফুটপাতের চা-দোকানি ও একটি নামকরা মিষ্টি প্রস্তুতকারক প্রতিষ্ঠান থেকে নিয়মিত চাঁদা নেন। তাঁরা থানাকে মুখে বললেও লিখিত অভিযোগ দিতে সাহস পান না। এ কারণে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারি না।’ওসি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে গত মার্চে আরএসআরএম স্টিল মিল কর্তৃপক্ষের কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করেন মেহেদী। আমরা বিষয়টি জেনে কর্তৃপক্ষকে চাঁদা না দিতে বলি। পরে পাঁচ হাজার টাকা দিলে মেহেদী রাগ করে ওই টাকা নেননি।’মেহেদী পুলিশ ও ব্যবসায়ীদের অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমি একটি পোশাক কারখানায় ঠিকাদারির কাজ করি। এ ছাড়া একটি নির্মাণপ্রতিষ্ঠানে ইট-বালু ও পাথর সরবরাহ দিই। পুলিশ আমার বিরুদ্ধে চাঁদাবাজির কল্পকাহিনী সাজিয়েছে। চাঁদাবাজির অভিযোগ প্রমাণ করতে পারলে আত্মসমর্পণ করব।’জানা গেছে, আওয়ামী লীগের কয়েকজন স্থানীয় নেতা মেহেদীর চাঁদাবাজির প্রতিবাদ করলে তাঁদের ফাঁসানোর ফন্দি আঁটেন তিনি। গত ২০ ফেব্রুয়ারি নুরুজ্জামান নামে একজনের মাথা ও শরীরে ব্যান্ডেজ করে বায়েজিদ থানায় পাঠান তিনি। পুলিশের সন্দেহ হলে নুরুজ্জামানের ব্যান্ডেজ খুলে জখমের কোনো চিহ্ন পাওয়া যায়নি।বায়েজিদ থানার ওসি বলেন, ‘নুরুজ্জামানকে যুবলীগের কর্মী সাজিয়ে থানায় পাঠান মেহেদী। পরে আমরা চিকিত্সক দিয়ে পরীক্ষা করে তাঁর কথিত জখমের কোনো চিহ্ন পাইনি। ওই সময় আমাদের কাছে দেওয়া নুরুজ্জামানের বক্তব্যের ভিডিও রেকর্ড রয়েছে।’তবে মেহেদী দাবি করেন, ‘বায়েজিদ থানার চন্দ্রনগর এলাকা আগে ছাত্রদলের শাহেদের হাতে জিম্মি ছিল। এখন বাহার নামে এক সন্ত্রাসীর কাছে জিম্মি। বাহার ভুয়া ব্যান্ডেজের ঘটনায় আমাকে ফাঁসায়। আসলে নুরুজ্জামানকে বেদম মারধরের ঘটনা সত্য। পুলিশ তার বক্তব্য শোনেনি।’