নাসিরের ১৯ বছর আগের দুই মামলার অগ্রগতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ছাত্রশিবিরের দুর্ধর্ষ ক্যাডার নাসিরউদ্দিন ওরফে শিবির নাসিরের বিরুদ্ধে ১৯ বছর আগে করা হত্যা এবং অস্ত্র ও গোলাবারুদসংক্রান্ত দুটি মামলার তেমন অগ্রগতি নেই। দুই মামলারই সাক্ষীরা আদালতে হাজির হন না। হত্যা মামলার চার সাক্ষীর কোনো খোঁজই নেই। আদালত বারবার তাগাদা দিলেও কোনো লাভ হচ্ছে না।গতকাল মঙ্গলবার শিবির নাসিরকে চট্টগ্রামের অতিরিক্ত সপ্তম জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। এ আদালতে গতকাল দুই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু সাক্ষীদের কেউ হাজির না হওয়ায় সাক্ষ্য গ্রহণ হয়নি। ফটিকছড়ির ভুজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন বশর হত্যাকাণ্ড ও নাজিরহাট কলেজ ক্যাম্পাসে ১০১টি রাইফেলের গুলি উদ্ধারের ঘটনায় দুটি মামলা হয়েছিল নাসিরের বিরুদ্ধে। ১৯৯২ সালের ৮ মে বশর খুন হন এবং একই বছরের ১০ মে নাজিরহাট কলেজ ক্যাম্পাসের একটি মাইক্রোবাস থেকে গুলি উদ্ধার করা হয়।আদালত সূত্র জানায়, ১৯৯৯ সালে বশর হত্যা মামলার বিচার শুরু হয়। মামলায় ১০ জন সাক্ষীর মধ্যে স্থানীয় বাসিন্দা নুরুল হুদা, খায়রুল বশর ও ফটিকছড়ি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সাক্ষ্য দেন। চারজন সাক্ষীর কোনো হদিস পুলিশের খাতায় নেই। মামলার বাকি তিনজন গুরুত্বপূর্ণ সাক্ষী আদালতে আসছেন না। তাঁরা হলেন, তৎকালীন ম্যাজিস্ট্রেট ভোলানাথ (বর্তমানে উপসচিব), দুই তদন্ত কর্মকর্তা মো. শাহজাহান ও জালাল উদ্দিন।অস্ত্র ও গোলাবারুদ মামলার অগ্রগতির ক্ষেত্রেও আদালতে হতাশাজনক চিত্র পাওয়া গেছে। এ মামলায় ১২ সাক্ষীর মধ্যে পুলিশের গোয়েন্দা শাখার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জালাল ভুঁইয়া সাক্ষ্য দেন। বারবার তাগাদা দিয়েও অন্য ১১ আসামিকে আদালতে হাজির করা যাচ্ছে না। ১৯৯৫ সালে এ মামলার বিচারকাজ শুরু হয়।চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ফৌজদারি কার্যবিধি এবং পুলিশের আইন (সিআরবি) অনুযায়ী সংশ্লিষ্ট সাক্ষীদের আদালতে হাজির করার দায়িত্ব পুলিশের। সাক্ষীদের হাজির করতে আদালত গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে থাকেন। পুলিশ পরোয়ানা অনুযায়ী কাজ না করলে বিচারপ্রক্রিয়া বিলম্বিত হয়।কারাগার ও পুলিশ সূত্র জানায়, নাসিরের বিরুদ্ধে তিন ডজনের বেশি মামলা ছিল। ইতিমধ্যে ২৩টি মামলার নিষ্পত্তি হয়েছে। ২২ মামলায় তিনি বেকসুর খালাস পান। অন্য একটি মামলায় তাঁর ১৭ বছর সশ্রম কারাদণ্ড হয়। ২০০৮ সালের ১৩ মে মামলার রায় ঘোষণা করা হয়। তাঁর বিরুদ্ধে এখনো ১৯টি মামলা আছে। ১৯৯৮ সালের ৯ এপ্রিল চট্টগ্রাম কলেজসংলগ্ন প্যারেড কর্নার থেকে তিনি গ্রেপ্তার হন।চট্টগ্রাম কারাগারের কারাধ্যক্ষ (জেলার) মো. রফিকুল কাদের বলেন, ‘নাসিরের বিরুদ্ধে আমাদের নথিতে আরও ১৯টি মামলা বিচারাধীন কিংবা তদন্তাধীন আছে। প্রতিটি মামলার হাজিরার আগের দিন আমরা কুমিল্লা কারাগার থেকে তাঁকে চট্টগ্রামে আনার ব্যবস্থা করি। শুনানি শেষ হওয়ার পর তাঁকে আবার কুমিল্লা কারাগারে পাঠিয়ে দিই। চট্টগ্রাম কারাগারে গোলযোগের সঙ্গে জড়িত থাকার কারণে তাঁকে কুমিল্লা কারাগারে রাখা হয়েছে।’যেভাবে উত্থান: নাসির ১৯৮৫ সালে ছাত্রলীগের কর্মী হত্যার মধ্য দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন। গ্রেপ্তার হওয়ার আগমুহূর্ত পর্যন্ত তিনি কিংবা তাঁর বাহিনীর ক্যাডারদের হাতে অসংখ্য রাজনৈতিক নেতা-কর্মী হতাহত হন। তাঁদের বেশির ভাগ ছিলেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী এবং মুক্তিযোদ্ধা।