নাসেরের ভিন্নমত
হল্যান্ডের বিপক্ষে ৮ বল বাকি থাকতে জয়। ভারতের সঙ্গে টাই। আয়ারল্যান্ডের সঙ্গে ৩২৭ রান করেও ৫ বল বাকি থাকতে হার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ রানের জয়। বাংলাদেশের বিপক্ষে ৬ বল বাকি থাকতে ২ উইকেটের হার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরাজয়ের দ্বারপ্রান্ত থেকে, বিশ্বকাপ থেকে ছিটকে যেতে যেতে কুড়িয়ে নেওয়া জয়।এই হলো এই বিশ্বকাপে ইংল্যান্ডের ছয় রোমাঞ্চকর আখ্যান। সবাই নিশ্চয়ই মানবেন, বিশ্বকাপটাকে অন্যতম স্মরণীয় বিশ্বকাপ করে তুলতে ইংল্যান্ডের ভূমিকাই সবচেয়ে বেশি। সেদিক দিয়ে দেখলে ইংল্যান্ডের বিদায় হতো ক্রিকেটপ্রেমীদের জন্য দুঃসংবাদই। ইংল্যান্ড মানেই যে পয়সা উশুলের নিশ্চয়তা!ক্রিকেটীয় অনিশ্চয়তাকে অন্য মার্গে নিয়ে যাওয়া ইংল্যান্ড হয়তো আপনার কাছে লোভনীয় এক দলের নাম এখন, কিন্তু নাসের হুসেইনের ব্যাপারটা পছন্দ হচ্ছে না। কেউ কেউ বলছেন, পাকিস্তানকে ছাপিয়ে ইংল্যান্ডই নাকি এখন ক্রিকেটের সবচেয়ে অননুমেয় দল। সাবেক ইংলিশ অধিনায়ক বলছেন, এই রোমাঞ্চ তিনি চান না! এর চেয়ে ইংল্যান্ড দাপট দেখিয়েই একপেশে ম্যাচ জিতুক। ইংল্যান্ড তাঁর কাছে এখন পর্যন্ত তাই পরিকল্পনাহীন অগোছালো একটা দলই মনে হচ্ছে। ‘বিশৃঙ্খল, একেবারেই বিশৃঙ্খল। ইংল্যান্ডের সঙ্গে সব সময়ই এমনটা হচ্ছে’—বলেছেন ৫৬টি ওয়ানডে ও ৪৫ টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া নাসের। ওয়েবসাইট।