নাস্তিক, আস্তিক বিচার করবেন আল্লাহ: শ্রমমন্ত্রী
হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা-কর্মীদের উদ্দেশে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বলছেন, ‘কে নাস্তিক, কে আস্তিক, সেটা আল্লাহ বিচার করবেন। হেফাজত করার জন্য আপনাদের হাতে ধর্ম কেউ তুলে দেয় নাই।’ সিডর-আইলা হলে ক্ষতিগ্রস্তদের হেফাজত করার জন্য তাঁরা কেউ এগিয়ে আসেন না বলেও মন্তব্য করেন মন্ত্রী। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নিজস্ব মিলনায়তনে আজ শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন রাজিউদ্দিন আহমেদ। শ্রমমন্ত্রী আরও বলেন, ‘আজ শতকরা ৮৫ জন নারী পোশাকশিল্পে কাজ করছেন। ঘর থেকে তাঁরা যখন বেরিয়ে আসছেন, উপার্জন করছেন, তখন তাঁদের ঘরে ফিরিয়ে নিতে চাচ্ছেন। এটা দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। মধ্যযুগীয় কায়দায় যাঁরা আমাদের হেফাজত করার জন্য এগিয়ে আসছেন, তাঁদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’ অনুষ্ঠানে তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬২ জন শ্রমিকের প্রত্যেকের পরিবারের সদস্যদের এক লাখ টাকার চেক প্রদান করা হয়। নেদারল্যান্ডসভিত্তিক ক্রেতা প্রতিষ্ঠান সিঅ্যান্ডএ সোর্সিংয়ের সহায়তায় এই অনুদান দিয়েছে বিজিএমইএ। বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রমসচিব মিকাইল শিপার, সিঅ্যান্ডএর মহাব্যবস্থাপক দীনেশ পেরেরা, বিজিএমইএর সহসভাপতি নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী ও এস এম মান্নান প্রমুখ। আরও বক্তব্য দেন নিহত শ্রমিক ফারুক হোসেনের স্ত্রী জেসমীন আক্তার।সচিব মিকাইল শিপার বলেন, পোশাকশ্রমিকদের জন্য একটি শ্রমিক কল্যাণ ফান্ড করতে যাচ্ছে সরকার। এই ফান্ড থেকে শ্রমিকেরা বিপদে আপদে সাহায্য সহযোগিতা পাবেন। বিজিএমইএর নেতারা জানান, তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হন ১১২ জন পোশাকশ্রমিক। এর মধ্যে ৬২ জনের পরিবারকে ইতিমধ্যে সাত লাখ টাকা করে দেওয়া হয়েছে। বাকিদের মধ্যে ৩৭ জনের পরিবারের অনুদান প্রধানমন্ত্রীর দপ্তরে জমা আছে। প্রধানমন্ত্রী শিগগিরই সেই অর্থ সংশ্লিষ্টদের স্বজনের হাতে তুলে দেবেন। আর নিহত ১০ জনের পরিবারের সদস্যদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা চলছে। তবে নিহত তিনজন শ্রমিকের দাবি নিয়ে কেউ আসেননি।