নাড়ির টান, তবুও...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হর বছর ঈদের সময় এলেই শহরজুড়ে এক রকম হুড়োহুড়ি পড়ে যায়। শহরবাসীর বিরাট এক অংশ নাড়ির টানে ঢাকা ছেড়ে গ্রামে যাবে ঈদের আনন্দ উপভোগ করতে। ঘরবাড়ি ফাঁকা পড়ে থাকবে। দরজায় তালা। পথঘাট খালি খালি। তবু ঈদকে কেন্দ্র করে প্রতিবছর যে উৎসব হয়, এর আবেদন শহরবাসীর কাছে অন্য রকম। তাই বলে সবার ভাগ্যে কি জোটে সে আনন্দে ভাগ বসানোর সুযোগ? জোটে না। ইচ্ছে থাকলেও কারও কারও ঈদ করতে গ্রামে যাওয়া হয় না। সবার যে একই কারণে যাওয়া হয় না, তাও নয়, একেকজনের একেকটা কারণ। যেমন সেহাবুদ্দিন মোল্লার কথাই ধরা যাক। ঢাকা শহরে এসে সেহাবুদ্দিন মোল্লা সিএনজিচালিত অটোরিকশা চালাচ্ছেন। বাড়ি কুমিল্লায়। ঢাকায় থাকেন আজ প্রায় ছয় বছর হতে চলল। থাকা মানে থাকাই কেবল, আসলে মনটা তো পড়ে আছে গ্রামের বাড়িতে। মা-বাবা, বউ, ছেলে—সবাই ওখানে থাকে। বলছিলেন, ‘সবার জইন্য কাপড় কিনছি। অল্প করি ঘরের জিনিসপত্রও কিনছি। আমার গেরামের একজনের হাতে দি দিছি, হে পৌঁছাই দিবো।’ একজনের হাতে কেন? নিজে ঈদে বাড়ি যাবেন না? সেহাবুদ্দিন মোল্লা মাথা নেড়ে জবাব দেন, ‘নাহ্! আমার হইতাছে দিনের রুজি। যেই কয় দিন কাজ, হেই কয় দিন ট্যাকা। ঈদে বাড়ি গেলে রুজি বন্ধ হই যাইবো গিয়া।’সেহাবুদ্দিনের মতো ‘দিনের রুজি’ না হলেও ঈদে বাড়ি যাওয়া হবে না আবদুর রাজ্জাকের। কারওয়ান বাজারের সিএ ভবনের নিরাপত্তারক্ষী তিনি। পরিবার থাকে কিশোরগঞ্জে। ঈদে বাড়ি যাওয়ার জো নেই তাঁর। কেননা ছুটি মেলেনি। বাড়ির সেমাই-পায়েস নয়, মেসের ভাত-ভর্তা খেয়েই ঈদের দিনটা কাটাতে হবে তাঁকে। তিনি বললেন, ‘পরের চাকরি করি। আমার কান্ধে অনেক দায়িত্ব। ঈদে বাকিরা বাড়ি যাইতেছেন, কিন্তু একজন হইলেও তো পাহারায় থাকতে হবে। সেই জন্য আমি থাইকা গেলাম। তাঁরা ফিরলে তারপর আমি বাড়ি যাব।’পরের চাকরি না করেও অবশ্য বাড়ি ফেরা হচ্ছে না কারও কারও। গুলিস্তানের হকার নয়ন তাঁদেরই একজন। ঈদে বাড়ি যাচ্ছেন কি না, জানতে চাইলে তাঁর সোজাসাপ্টা জবাব, ‘না।’কারণ হিসেবে বললেন, ‘ঈদের সময় বাড়ি গেলে ফিরতে ফিরতে ১০-১২ দিন দেরি হইয়া যাইবো গিয়া। এর মধ্যে কেউ যদি আমার জায়গাডা নিয়া যায়গা, তাইলেই শ্যাষ। আর এই এলাকায় ব্যবসা করতে পারতাম না। জায়গা দখল হইয়া গেলে হকারি শ্যাষ। হকারি না করলে খামু কী?’কারও কারও আবার নাড়ির টান আছে, কিন্তু যাওয়ার ইচ্ছেটা নেই। ধানমন্ডির মোহাম্মদ শাহজাহানের কথা শুনে সে রকমটাই মনে হলো। তিনি বলেন, ‘আমার গ্রামের বাড়িতে জীবনের সবচেয়ে আনন্দময় ঈদগুলো কাটিয়েছি। ছোটবেলায় বাবার হাত ধরে ঈদের নামাজ পড়তে যেতাম। ঢাকায় স্থায়ী হওয়ার পরও বহুদিন পর্যন্ত ঈদ করেছি গ্রামে। এখন আর পারি না। যাতায়াতের ঝামেলা। বাসে-ট্রেনে যাওয়া সম্ভব নয়। গাড়ি নিয়ে যাওয়াটাও কষ্ট। আর তা ছাড়া ছেলেমেয়েরা এখন আর অত বড় জার্নি করতে চায় না। তাই এখন না চাইলেও ঢাকায়ই ঈদ করতে হয়।’কখনো কখনো অবশ্য নাড়ির টান হার মানে সামর্থ্যের কাছেও। রিকশাওয়ালা আলাউদ্দিনের কথা শুনে সে রকমটাই মনে হলো। তিনি বলেন, ‘ঈদে বাড়ি যাতি নাগলি ৩০০+৩০০ = ৬০০ ট্যাকা খরচা হয়া যাবো। বাড়ির সবার নিগা জামা-জোতা কিনছি। অখন ৬০০ ট্যাকা বাঁচাতি পাইরলে ঘরে ছয় দিন বাজার খরচা করার পারবি। একান চিন্তা করি বাড়ি যাই না। তয় বাড়ি যাওয়ার খুব মনে কয়।’নাড়ির টান আর পেটের ক্ষুধার মধ্যে ভারসাম্য রেখে এ শহরের পথেঘাটে রিকশা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এ রকম আরও কত আলাউদ্দিন!