নায়াগ্রায় ঝাঁপ দিয়েও জীবিত! (ভিডিও)
১৭ তলা উঁচু ভবন থেকে কেউ লাফ দিলে অবস্থা কী দাঁড়াবে? পরিণতি অবশ্যই হবে ভয়াবহ। কিন্তু গতকাল সোমবার প্রায় একই উচ্চতা থেকে লাফিয়ে পড়ে এখনো জীবিত রয়েছেন এক ব্যক্তি। নায়াগ্রা জলপ্রপাতের কানাডীয় অংশ, যা হর্সশু ফলস নামে পরিচিত, সেখানে প্রায় ১৭৪ ফুট (৫৩ মিটার) উচ্চতা থেকে লাফিয়ে পড়েন ওই ব্যক্তি। কানাডার পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। কানাডার নায়াগ্রা পার্কস পুলিশ জানায়, সোমবার এক ব্যক্তিকে জলপ্রপাতের কিনারা-ঘেঁষা প্রায় ২০ ফুট উঁচু দেয়াল আরোহণ করতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। পরে তাঁকে স্বেচ্ছায় নায়াগ্রার ক্ষিপ্র গতির পানিতে লাফ দিতে দেখেন তাঁরা। পানিতে পড়ার পর শিগগিরই তিনি জলপ্রপাতের নিচে বয়ে যাওয়া নায়াগ্রা নদীতে ভেসে ওঠেন। পরে ভাঁটির দিকে একটি পর্যবেক্ষণ মঞ্চের কাছাকাছি চলে যান। এরপর নায়াগ্রা পার্কস পুলিশ তাঁকে জলপ্রপাতের শিলাময় তীরে কোমর পানিতে আটকে থাকা অবস্থায় উদ্ধার করে।এক বিবৃতিতে পুলিশ জানায়, প্রায় ৩০ মিনিট ধরে চেষ্টা চালিয়ে তাঁকে উদ্ধার করা হয়। পরে ওই ব্যক্তিকে চিকিত্সার জন্য বিমানযোগে হ্যামিল্টনের একটি হাসপাতালে নেওয়া হয়। জলপ্রপাতে ওই ব্যক্তির লাফিয়ে পড়ার ঘটনার তদন্ত করছে পুলিশ। ওই ব্যক্তির নাম এখনো জানা সম্ভব হয়নি। তবে তাঁর বয়স ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। কোনো রকম নিরাপত্তাব্যবস্থা ছাড়াই বিপজ্জনক ওই জলপ্রপাত থেকে লাফিয়ে পড়েও জীবিত ফিরে আসা তিন ব্যক্তির একজন তিনি। নায়েগ্রার হর্সশু অংশ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি পর্যটন এলাকা। এটি দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ছয় লাখ ৭৫ হাজার গ্যালন পানি নিচে পড়ছে।