ছায়ানারী কায়ানারী নাটকে সীমানা অভিনয় করছেন মীর সাব্বিরের বিপরীতে। নাটকটিতে মেয়েদের দেখলেই ভালো লাগে সাব্বিরের। কিন্তু তা একেবারেই পছন্দ করেন না সীমানা। তিনি সাব্বিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেন। নাটকটি লিখেছেন মাসুম রেজা, পরিচালনা করেছেন রুলীন রহমান। কথা হলো সীমানার সঙ্গে। ‘ছায়ানারী কায়ানারী’ ধারাবাহিকে কাজ করে কেমন লাগছে?খুব ভালো। আমরা নাটকটির কাজ করেছিলাম মানিকগঞ্জে। ওখানে ছিল অনেক পেয়ারা আর আমগাছ। যখনই শুটিংয়ে ফাঁক পেয়েছি, আমরা ছুটে যেতাম ওই বাগানে। কত যে আম আর পেয়ারা খেয়েছি, তার কোনো হিসাব নেই। এটিএন বাংলায় ‘পারাপার’ ধারাবাহিকটিও প্রচারিত হচ্ছে। আপনি তো এ নাটকে অভিনয় করেছেন। এ নাটকে আমার চরিত্রের নাম কাজল। স্বামীকে খোঁজ করতে গ্রাম থেকে শহরে এসেছি। আমার অভ্যাস হলো, কারণে-অকারণে সারা দিন শুধু কান্না করা। আর আমার এ কান্না দেখে বাসার সবাই খুব বিরক্ত হয়। বাস্তবেও ঘটেছিল তাই। আমি কিন্তু একটু শক্ত মনের মেয়ে। সহজে চোখে পানি আসে না। কিন্তু এ নাটকের শুটিংয়ের ফাঁকেও আমার কান্না থামত না। আর তা দেখে পরিচালক অরণ্য আনোয়ার থেকে শুরু করে সবাই বিরক্ত হতেন।আর এনটিভির ‘রূপকথা’? এ ধারাবাহিকটিও পরিচালনা করছেন অরণ্য আনোয়ার। এটি আমার খুব পছন্দের একটি স্ক্রিপ্ট। নায়িকা হওয়ার চেষ্টা করছি। কিন্তু ব্যাপারটা আমার স্বামী মেনে নিতে পারে না। প্রায়ই শুটিং স্পটে এসে আমাকে জোর করে নিয়ে যায়। ধারাবাহিকটি মনে হয় অনেকেই দেখছেন, কারণ, পরিচিত অনেকেই কাজটির প্রশংসা করেছেন। আপনি দেখছি উপস্থাপনাও করছেন।একেবারে জোর করে আমাকে দিয়ে কাজটি করানো হয়েছে। গোড়াতে বৈশাখী টিভির একজন প্রযোজকের অনুরোধে উপস্থাপনা করতে রাজি হই। এরপর ওই প্রযোজক মাছরাঙা টিভিতে যোগ দেন। এখানে এসে তিনি তৈরি করেন সিনেনামা নামের একটি অনুষ্ঠান। এবারও তাঁর অনুরোধ ফেলতে পারিনি। আসলে অভিনয় করে অন্য কিছু করা খুব সহজ নয়। তাই অভিনয়ের দিকেই বেশি মনোযোগ দিতে চাচ্ছি।