রামু, টেকনাফ, উখিয়া ও পটিয়ায় বৌদ্ধমন্দির ও বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলার ফলে ধর্মীয় সংখ্যালঘুরা নিঃশঙ্কচিত্তে উৎসব পালন করতে পারবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে দীপ প্রজ্বালন ও সংহতি সমাবেশে এই সংশয়ের কথা বলা হয়। গতকাল ছিল বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ ‘প্রবারণা পূর্ণিমা উৎসব’। গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর রামু, টেকনাফ, উখিয়া ও পটিয়ায় বৌদ্ধমন্দির এবং বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি, সহমর্মিতা প্রকাশের জন্য ‘জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি উদ্যোগ’ নামের সংগঠন এই দীপ প্রজ্বালন ও সংহতি সমাবেশের আয়োজন করে। হামলা ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে এক মিনিট নীরবতা পালন করা হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, আইন ও সালিশ কেন্দ্র, নিজেরা করি, আরবান স্টাডি গ্রুপ, মানুষের জন্য ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন সমাবেশে অংশ নেয়। সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক কাজী মদিনা। ঘোষণাপত্রে বলা হয়, শারদীয় দুর্গাপূজা ও কোরবানির ঈদের আনন্দ দেশের প্রায় সব মানুষের মধ্যে ছড়িয়ে পড়লেও তাতে শামিল হতে পারেনি বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ। রামু, টেকনাফ, উখিয়া ও পটিয়ার ঘটনার ফলে এ দেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতির গৌরব ছিল, তা ধূলিসাৎ হয়ে গেছে। এই আঘাতের ফলে যে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, তা বহুমাত্রিক। উন্নত সমাজ গঠনের পূর্বশর্ত সংখ্যালঘু জনগোষ্ঠীর সব অধিকার নিশ্চিত করা। সংহতি সমাবেশে অধ্যাপক আনিসুজ্জামান, মানবাধিকারকর্মী হামিদা হোসেন, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবিরসহ বিশিষ্টজনেরা অংশ নেন।