নিঃশর্ত ক্ষমা চেয়ে ডিসিসি মেয়র ও প্রকল্প পরিচালকের অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের আমিন বাজারে বর্জ্য ফেলাসংক্রান্ত প্রতিবেদন দাখিল না করায় আদালত অবমাননার অভিযোগে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা ও সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক তারেক বিন ইউসুফ। এই পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের অব্যাহতি দেন। জানা যায়, সাভারের আমিন বাজারের বন্যা প্রবাহ এলাকা হিসেবে চিহ্নিত কোন্দা ও বালিয়ারপুর মৌজায় বর্জ্যাগার (ডাম্পিং ডিপো) নির্মাণ ও বর্জ্য ফেলার বৈধ্যতা চ্যালেঞ্জ করে স্থানীয় ফরিদ আহমেদ ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ২০০৬ সালে হাইকোর্টে এ রিট করে। এই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ডিসিসি মেয়র ও ‘ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকার অবকাঠামো ও পরিবেশ উন্নয়ন প্রকল্প’-এর প্রতিনিধিকে কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেন। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি হাইকোর্ট ওই এলাকায় বর্জ্য ফেলায় কী ক্ষতি হয়েছে, তা প্রতিবেদন আকারে জমা দিতে ডিসিসিসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন। ১৫ জুন ওই প্রতিবেদনটি দাখিল করার কথা ছিল। কিন্তু তা না করায় ১৯ আগস্ট বিষয়টি হাইকোর্টের নজরে আনেন বেলার আইনজীবী ইকবাল কবির। এর পরিপ্রেক্ষিতে আদালত তাঁদের প্রতি আদালত অবমাননার রুল জারি করেন। সেই সঙ্গে আদালতে হাজির হতে নির্দেশ দেন। নির্দেশনা অনুসারে আজ হাইকোর্টে হাজির হন ডিসিসি মেয়র ও সংশ্লিষ্ট কর্মকর্তা। আদালতে ডিসিসি মেয়রের পক্ষে আইনজীবী রফিক-উল হক এবং বেলার পক্ষে আইনজীবী ইকবাল কবির মামলা পরিচালনা করেন। ইকবাল কবির প্রথম আলোকে বলেন, ‘নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় হাইকোর্ট তাঁদের অব্যাহতি দিয়ে আদালত অবমাননার বিষয়টি নিষ্পত্তি করে দিয়েছেন।’ সংশ্লিষ্টরা মার্চের আগে ওই প্রতিবেদনটি দাখিল করবেন বলে জানিয়েছেন।