নিঃশেষে প্রাণ যে করিবে দান...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার চার দশক পূর্তির বছর পার করছি আমরা। স্বাধীনতার মাস মার্চে এখানে তুলে ধরা হচ্ছে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের কতগুলো উল্লেখযোগ্য যুদ্ধ-লড়াই-অভিযানসুতিপুর গ্রামে (যশোর জেলায়) মুক্তিযোদ্ধাদের একটি কোম্পানি অবস্থান করছে। এঁদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাছাকাছি একটি টহলের প্রয়োজন। দীর্ঘদিনের অভিজ্ঞ ইপিআর সৈনিক সিপাহি নূর মোহাম্মদ শেখকে অধিনায়ক করে গোয়ালহাটি গ্রামের সামনে স্থায়ী টহল বসানো হয়েছে।৫ সেপ্টেম্বর রোববার, ১৯৭১। সিপাহি নূর মোহাম্মদ, সিপাহি মোস্তফা ও সিপাহি নান্নু মিয়া টহল দিচ্ছিলেন। ওই দিকেই ঘুটিপুরে পাকিস্তানি ঘাঁটির ওপর তীক্ষ দৃষ্টি রাখছেন তাঁরা। জায়গাটি গাছপালাবেষ্টিত, বেশ নিরাপদও। তবু দুর্ভাগ্যবশত শত্রুসেনারা মুক্তিযোদ্ধাদের এই টহলের উপস্থিতি টের পেয়ে যায় এবং সন্তর্পণে প্রস্তুতি নেয় আক্রমণের। তারা সকাল আটটার দিকে ঘুরপথে তিন দিক থেকে টহলকে ঘিরে ফেলে। নূর মোহাম্মদ সহসাই বুঝতে পারেন যে তাঁরা ঝুঁকির মধ্যে পড়েছেন এবং শত্রুসেনা দ্বারা মারাত্মকভাবে আক্রান্ত হওয়ার পথে।পাকিস্তানি সেনারা তিন দিক থেকে গুলি ছুড়তে ছুড়তে এগিয়ে আসছে। ঘন গাছগাছালি টহলের নিরাপত্তার পক্ষে কিছুটা বর্ম হয়ে কাজ করছে।সুতিপুরে মুক্তিবাহিনীর প্রতিরক্ষা ঘাঁটি জেনে গেছে টহল-আক্রান্ত। তারাও চেষ্টা করছে টহলকে ক্ষতি ছাড়াই ফেরত আনতে। পাকিস্তানিরা সুবিধাজনক অবস্থানে থেকে গুলি ছুড়লেও টহলের প্রকৃত অবস্থান বুঝতে না পারায় তাদের গুলি অপচয় হচ্ছে বেশি।নূর মোহাম্মদ সহযোদ্ধাদের নিয়ে ঘনঘন অবস্থান বদলাচ্ছেন। শত্রুসেনাদের একরকম ধাঁধায় রেখে তিনি আত্মরক্ষার উপায় খুঁজছেন। মোস্তফার হাতে ছিল টহলের প্রধান অস্ত্র, হালকা মেশিনগানটি। সহযোদ্ধাদের জীবন ও এই মেশিনগানটি রক্ষা করা নূর মোহাম্মদের প্রধান দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। তাঁর চিন্তা, শত্রুর ত্রিমুখী আক্রমণের মধ্য থেকে নিরাপদে পেছনে সরে আসা।এ রকম নাজুক পরিস্থিতিতে নান্নু মিয়া গুলিতে আহত হলেন। অধিনায়ক নূর মোহাম্মদ আহত নান্নু মিয়াকে কাঁধে নিয়ে মেশিনগানটি হাতে তুলে নিলেন। সিপাহি মোস্তফার হাতে রাইফেল।শত্রুসেনারা মুক্তিযোদ্ধাদের প্রকৃত সংখ্যা ও পশ্চাদপসরণের পথ সঠিকভাবে জানতে পারছিল না, তাই এলোপাতাড়ি গুলি ছুড়ছিল। ডানে-বাঁয়ে গুলি চালাতে চালাতে পিছু হটছে টহল। অকস্মাৎ দুই ইঞ্চি মর্টারের একটি গোলা এসে নূর মোহাম্মদের ডান হাঁটু গুঁড়িয়ে দিল। তিনি এর পরিণতি বুঝতে পারলেন। মোস্তফাকে বললেন লোডেড রাইফেলটি তাঁকে দিতে এবং আহত নান্নু মিয়া ও মেশিনগানটি নিয়ে পশ্চাদপসরণ করতে। মোস্তফা আহত অধিনায়ককে এভাবে শকুনের মুখে একাকী রেখে যেতে রাজি হচ্ছিলেন না। ‘মরি তো সবাই একসঙ্গে মরব...।’‘তা হয় না মোস্তফা, ভাবাবেগের সময় নয় এটা। দেশকে মুক্ত করার জন্য লড়ছি আমরা। সবাই বেঁচে থাকব, তেমন কথা নেই। আমি যেভাবে আহত হয়েছি, তাতে বাঁচার কোনো আশা নেই। আমি রাইফেল দিয়ে ততক্ষণ কভার দিই। আমাকে সঙ্গে নেওয়ার জেদ করলে তিনজনই মারা যাব। তার চেয়ে তুমি নান্নু মিয়া আর মূল্যবান মেশিনগানটি নিয়ে নিরাপদ স্থানে সরে যাও। পরে শক্তি বৃদ্ধি করে শত্রুদের নির্মূল করতে সুযোগ পাবে। সময় অত্যন্ত মূল্যবান।’হাঁটু গুঁড়িয়ে গেছে। ডান কাঁধেও গুলি লেগেছে। রক্তক্ষরণ হচ্ছে প্রচুর। দায়িত্ব-সচেতন টহল অধিনায়ক জীবনের শেষ মুহূর্তেও সহযোদ্ধাদের রক্ষার ব্যবস্থা করাই প্রধান কর্তব্য মনে করছেন। শত্রুদের দৃষ্টি ও লক্ষ্য তাঁর দিকে সরিয়ে আনার জন্য আহত অবস্থায়ও শত্রুদের দিকে গুলি ছুড়ছেন। এই সুযোগে সঙ্গীরা নিরাপদ স্থানে সরে যেতে পারবে।তবু মোস্তফা অনড়। নূর মোহাম্মদ এবার ধমক দিলেন মোস্তফাকে, ‘অধিনায়ক হিসেবে তোমাকে আদেশ দিচ্ছি, আহত নান্নু মিয়া ও মেশিনগানটি নিয়ে পিছু হটে যাও। আমি কভার দিচ্ছি।’ অনিচ্ছা সত্ত্বেও মোস্তফা চোখের পানিতে বুক ভাসিয়ে অধিনায়কের নিষ্ঠুর আদেশে নান্নু মিয়াকে কাঁধে আর মেশিনগানটি হাতে নিয়ে নিরাপদ দূরত্বে সরে যাচ্ছেন।নূর মোহাম্মদ অনবরত রাইফেলের গুলিবর্ষণ করছেন শত্রুসেনা লক্ষ্য করে। শত্রুর লক্ষ্য এখন শুধু নূর মোহাম্মদ।একসময় নূর মোহাম্মদের রাইফেল নীরব হয়ে গেল, আর নিথর হয়ে গেল তাঁর শরীর। তাঁর কৌশল, বিচক্ষণতা এবং অত্মোৎসর্গের জন্য দুই সঙ্গী ঘাঁটিতে ফিরে যেতে সক্ষম হলেন। সুতিপুরের মুক্তিযোদ্ধারা আরও নিরাপদ এলাকায় সরে গেলেন। সাহস আর জীবনদানের স্বীকৃতি হিসেবে যুদ্ধ শেষে বাংলাদেশ সরকার সিপাহি নূর মোহাম্মদ শেখকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করে।গ্রন্থনা: মুহাম্মদ লুৎফুল হক ও তৈমুর রেজা