অফিস সময় শেষ। শেষ মুহূর্তের কাজ গুছিয়ে নেওয়া হচ্ছে। বের হতে প্রস্তুত। এমন সময় বসের তলব। অনেক কাজ শেষ করে তবেই বের হওয়া যাবে। এ আর নতুন কি! প্রায় দিনই এ রকম ঘটনায় পড়তে হয় কর্মক্ষেত্রে। ইশ্, যদি উচ্চপর্যায়ের কাউকে জানানো যেত ঘটনাগুলো! সে উদ্যোগই এবার নেওয়া হলো ব্র্যাক ব্যাংক থেকে। নারীদের একান্ত অভিযোগ বাক্স ‘নিঃসংকোচে বলতে চাই’। কর্মক্ষেত্রে মুখোমুখি হওয়া যেকোনো অসুবিধার কথা বলতে পারবেন এ প্রতিষ্ঠানটির নারী-কর্মীরা। এমন কোনো ব্যবহার বা কথা ভালো লাগল না ব্যস, অভিযোগ বাক্সে জানিয়ে দিলেই হবে। সঙ্গে সঙ্গে পাওয়া যাবে সমাধান। ১০ জন কর্মীর সমন্বয়ে গড়ে তোলা হয়েছে ফোরামটি, যেখানে ই-মেইল ও মোবাইল ফোনের মাধ্যমে অভিযোগ জানানো যাবে। ৮ মার্চ বিশ্ব নারী দিবসে এ কথাগুলোই তুলে ধরা হয় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে বিভাগটির উদ্বোধনী অনুষ্ঠানে। এই সেল গঠন সম্পর্কে ব্র্যাক ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান ত্যাহনিয়াত আহমেদ করিম বলেন, ‘আমরা আমাদের নারী-কর্মীদের কাজ করার জন্য একটি সম্পূর্ণ অনুকূল পরিবেশ নিশ্চিত করতে চাই। সে লক্ষ্যেই এ সেলের যাত্রা শুরু। এই বিভাগে তাঁরা শুধু কাজের ক্ষেত্রে হওয়া অসুবিধার কথাই নয়, ব্যক্তিগত সমস্যার কথাও বলতে পারবেন। কাউন্সিল থেকে চেষ্টা করা হবে পারিবারিক সমস্যাগুলোর যথাযথ উপদেশ দেওয়ার। ব্র্যাক ব্যাংক এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সফল ছয়জন নারী-গ্রাহককে সম্মাননা প্রদান করে। তাঁরা হলেন—তারানা’স হোম মেড-এর উদ্যোক্তা রোমানা আহমেদ। প্রজিয়ন গ্রুপের পরিচালক সেলিনা মীর, প্রাণ গ্রুপের ফাইন্যান্স বিভাগের পরিচালক উজমা চৌধুরী, আরকথার উদ্যোক্তা পারভীন আহমেদ, শিশু তরী সংস্থার চেয়ারপারসন নিলুফার করিম এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনের চেয়ারপারসন শারমিন আক্তার।