নিঃসঙ্গ ও গৌণ হয়ে পড়ছেন উলফা নেতা পরেশ বড়ুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সামরিক প্রধান পরেশ বড়ুয়া দাবি করেছেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে শুরু হওয়া শান্তি-প্রক্রিয়ায় আসাম রাজ্যের সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন নেই। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি আসামের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের এক ধরনের শান্তি-প্রক্রিয়া শুরু হয়েছে। আত্মগোপনে থাকা পরেশ এ প্রক্রিয়ার বিরোধী হিসেবে দৃশ্যত ক্রমে নিঃসঙ্গ ও গৌণ হয়ে পড়ছেন। আসামে স্বাধীন ভূখণ্ডের দাবিতে ৩০ বছরের বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে আসা উলফার অনেক নেতাই এত দিনের অবস্থান থেকে অনেকখানি সরে এসেছেন বলে আভাস পাওয়া যাচ্ছে। বিভিন্ন সূত্র বলছে, পরেশ বড়ুয়া ছাড়া উলফার কেন্দ্রীয় কমিটির বেশির ভাগ নেতা—যাঁদের অনেকেই কারাবন্দী শান্তি আলোচনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। এই প্রেক্ষাপটে শান্তি-প্রক্রিয়া এগিয়ে নিতে ‘সিটিজেন ফোরাম’ নামের ব্যানারে আসামের সুশীল সমাজের কয়েকজন সদস্য গত সপ্তাহে নয়াদিল্লিতে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করেন। সিটিজেনস ফোরাম আসাম রাজ্য সরকারের সমর্থনে তাঁকে ছাড়াই কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাঁদের দেওয়া শর্ত মেনে একটি সমঝোতা করে ফেলতে পারে—এমন আশঙ্কা থেকেই সম্ভবত পরেশ বড়ুয়া গত শুক্রবার এ শান্তি-প্রক্রিয়াকে নাকচ করে সংবাদমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছেন। ই-মেইলে পাঠানো ওই বিবৃতিতে ফোরামকে ব্যর্থতার দায়ে অভিযুক্ত করে তিনি বলেন, ‘মনে হয় ফোরামের সদস্যরা বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থ বিবেচনা করার চেয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি ও মতাদর্শেই বেশি পরিচালিত হয়েছেন।’বিবৃতিতে উলফা নেতা আরও বলেন, ‘ফোরামের সদস্যরা উচ্চ যোগ্যতাসম্পন্ন ও শিক্ষিত হতে পারেন কিন্তু উলফার মতো সমস্যা নিয়ে আলোচনা চালানোর মতো দক্ষতা তাদের নেই। কারণ বাস্তব পরিস্থিতির সঙ্গে পরিচয় নেই তাদের।’এদিকে সিটিজেনস ফোরামের আহ্বায়ক হীরেন গোহাইন দাবি করেছেন, কারাগারে বন্দী উলফার বেশির ভাগ শীর্ষস্থানীয় নেতা শান্তি আলোচনার পক্ষে এবং ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। তিনি বলেন, উলফা আনুষ্ঠানিকভাবে সার্বভৌমত্বের দাবি থেকে সরে না এলেও সংগঠনের ওই নেতারা অবশ্যই সুর নরম করতে প্রস্তুত। গোহাইন আরও বলেন, পরেশ বড়ুয়া যদি আলোচনায় বসতে না চান, তাহলে হয়তো তিনি এই প্রক্রিয়ার বাইরে থেকে যাবেন। তিনি উলফার কেন্দ্রীয় কমিটির একজন সদস্য এবং একজন সদস্য হিসেবেই তাঁর দায়িত্ব পালন করা উচিত। জানা গেছে, ভিন্নমত পোষণকারী সহকর্মীদের সিদ্ধান্তের ব্যাপারে পরেশ অনাস্থা জানালেও ওই নেতারা তাঁদের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কাজ করবেন। আসামের মুখ্যমন্ত্রী তরুণ গোগোইও বলেছেন, পরেশ বড়ুয়া অংশ না নিলেও শান্তি আলোচনা হবে। আরও খবর পাওয়া গেছে, বাংলাদেশে কারাবন্দী উলফার মহাসচিব অনুপ চেটিয়াও সম্ভবত শান্তি আলোচনার বিপক্ষে নন।সংবাদমাধ্যমে পরেশ বড়ুয়ার পাঠানো ওই বিবৃতি অনেকটা এই ইঙ্গিতই বহন করছে, দুই পক্ষ যে তাঁকে ছাড়াই একটি সমাধানে পৌঁছাতে পারে, সে সম্ভাবনায় তিনি শঙ্কিত। উলফার প্রায় সব শীর্ষস্থানীয় নেতাই কারাগারে। তাঁদের কাছ থেকে বিচ্ছিন্ন থাকায় পরেশ বড়ুয়ার অবস্থান স্পষ্টতই দুর্বল হয়ে পড়েছে। উলফার কারাবন্দী নেতাদের মধ্যে রয়েছেন চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া, উপ-সামরিক প্রধান রাজু বড়ুয়া, পররাষ্ট্রবিষয়ক সম্পাদক শশধর চৌধুরী, অর্থ সম্পাদক চিত্রবন হাজারিকা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রণতি দেকা ও রাজনৈতিক আদর্শিক নেতা ভীমকান্ত বুড়াগোহাইন। এ ছাড়া জামিনে থাকা আরও দুই নেতা—সংগঠনের ভাইস চেয়ারম্যান প্রদীপ গোগোই ও প্রচার শাখার প্রধান মিথিঙ্গা দাইমারি শান্তি আলোচনা শুরু করার ব্যাপারে জনসমর্থন আদায়ের চেষ্টা করছেন। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা শুরু করতে যাওয়ার আগে এই নেতারা সবাই নিজেদের মধ্যে আলোচনা করেছেন।এদিকে গত শনিবার আসামের গুয়াহাটি থেকে পরেশের তিন সহচর—বিদ্যুৎ দেকা, নবকুমার দাশ ও তপন দাশের গ্রেপ্তারের ঘটনা উলফা নেতার অবস্থানকে সম্ভবত আরও দুর্বল করেছে।সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে পরেশ বড়ুয়ার কণ্ঠে একটু আপস-মীমাংসার সুরও ছিল। এর এক স্থানে তিনি বলেন, ‘স্বাধীনতার লক্ষ্য অর্জনে আমাদের রক্ত ঝরানোর জন্য প্রস্তুত থাকতে হবে। তবে একই সময় সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার জন্যও কাজ করতে হবে।’ তবে পরেশ এখনো শান্তি-প্রক্রিয়ায় যুক্ত হওয়ার কোনো সুনির্দিষ্ট ইঙ্গিত দেননি।অসমর্থিত বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, পরেশ বড়ুয়া সম্ভবত দক্ষিণ-পূর্ব এশিয়ার কোনো দেশে অবস্থান করছেন। ভারতীয় কর্তৃপক্ষ সম্প্রতি অরবিন্দ রাজখোয়া, রাজু বড়ুয়া, শশধর চৌধুরী, চিত্রবন হাজারিকা এই কয়েকজন শীর্ষ উলফা নেতাকে গ্রেপ্তার করে। বাংলাদেশ কর্তৃপক্ষ তাদের আটক করে স্থল সীমান্ত দিয়ে ভারতে পাঠিয়েছে বলে ভারতীয় প্রচারমাধ্যমে খবর প্রচার করা হলেও বাংলাদেশ সরকার তা অস্বীকার করেছে।