নিঃসঙ্গ নাবিকের বেহাগ
টি-টোয়েন্টি বিশ্বকাপ-পূর্ব আমাদের দলীয় উচ্চারণগুলোয় কোনো রক্ষণাত্মক সুর ছিল না। প্রস্তুতির পরিপ্রেক্ষিতে আমরা কথা বলছিলাম বেশ সাবলীল দীপ্ত ভঙ্গিতে, প্রাক-টুর্নামেন্ট প্রস্তুতি ম্যাচে আইরিশদের কাছে হেরে যাওয়ার পরও আমাদের প্রত্যাশার মাত্রা কমেনি সামান্য। জানতাম, গ্রুপটা সব অর্থেই শক্ত। আবার এ-ও জেনে গিয়েছিলাম, ওই শক্ত প্রতিপক্ষদ্বয়ের মোকাবিলায় আমরা কম্পমান নই, বরং অন্যান্য সময়ের তুলনায় এবার আমাদের মানসিক দৃঢ়তা অনেক উচ্চমাত্রায় বাঁধা। সবলতর প্রতিপক্ষ সামলানোর ক্ষেত্রে আমাদের অতি সাম্প্রতিকতম অভিজ্ঞতাগুলো, বিশেষ করে বিগত এশিয়া কাপ ও নিউজিল্যান্ডের সঙ্গে ঘরের সিরিজ আমাদের প্রত্যয় বাড়িয়ে দিয়েছিল। প্রতিকূল আবহাওয়ায় অধুনার ইউরোপ সফরের সাফল্য এবং বহমান টি-টোয়েন্টি আসরের জন্য সামগ্রিক প্রস্তুতির মান নিয়ে আমরা সন্তুষ্টই ছিলাম। আর ছিলাম বলেই সম্ভাব্য ভালো করা নিয়ে একটু উচ্চকণ্ঠ হতে বাধা দেখিনি। আসর থেকে ছিটকে পড়ার পর এখন যখন হিসাব মেলাতে বসেছি, তখন দেখি, আপাতদৃষ্টিতে ফলাফলের নিরিখে আমাদের প্রস্তুতির মান নিয়ে অযৌক্তিকভাবে আমরা একটু বেশিই আস্থাবান ছিলাম। কার্যক্ষেত্রে, রঙ্গভূমিতে আমরা যা উপস্থিত করেছি, তা আমাদের লড়াই-পূর্ব আস্থার সঙ্গে খাপ খায়নি। বাস্তবতা যদিও এমনই, তবু বলব, বিষয়টিকে এভাবে দেখা আমাদের ঠিক হবে না। আমাদের প্রস্তুতির পর্যায়ে আমরা অধিকতর ক্রিকেটীয় ঐতিহ্যের উত্তরাধিকারে বলবান প্রতিপক্ষের সঙ্গে শক্তি পরীক্ষায় নিজেদের যে সমপর্যায়ে ভাবার মানসিকতা অর্জন করেছিলাম, একটি ম্যাচ না জিতলেও সেই মানসিক অর্জনটা আমরা পাল্লেকেলের মাঠে বিসর্জন দিয়ে আসিনি। কথাটা এভাবে বলার মধ্যে কিছুটা নির্লজ্জতার ছোঁয়া থাকতে পারে, কিন্তু সামগ্রিকভাবে বিবেচনা করলে দেখতে পাই, একটা অত্যন্ত জটিল অঙ্ক মেলানোর ধারেকাছে আমরা পৌঁছেছিলাম। অভীষ্ট লক্ষ্য যে অর্জিত হয়নি, মানছি সেটা ক্রিকেটীয় সামর্থ্যের অনুপস্থিতিতে। কিন্তু প্রদর্শিত হয়নি বলেই যে সামর্থ্যটা নেই, সেটা মানতেও মন সায় দিচ্ছে না। দিচ্ছে না মানে, সামান্য সম্ভাবনার ঝলকানিটা যে দেখতে পেয়েছিলাম।হেঁয়ালি রেখে খোলাখুলিই বলি, নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম খেলাটি নিয়ে তেমন আলোচনার অবকাশ দেখি না। টস প্রসঙ্গের বিতর্কটা অহেতুক। সেদিন ক্যান্ডির ছায়া ছায়া আর্দ্র অপরাহ্ন যেকোনো টসজয়ী অধিনায়কের মগজেই তাঁর পেস বোলারদের মুখ ভাসাবে। মুশফিকও যথাযথ কাজটাই করেছিলেন। কিন্তু ওইদিন ব্রেন্ডন ম্যাককালাম যে দানবীয় এবং শিল্পিত ইনিংসটি খেললেন, তা ছিল যেকোনো প্রতিপক্ষের জন্যই অপ্রতিরোধ্য। আমাদের সেদিন যে কোনো জবাব ছিল না, ম্যাচের বাকি অংশের ওপর যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়নি, সেটা কোনো অস্বাভাবিকতার আওতায় পড়ে না। আমাদের যা কিছু প্রাসঙ্গিক ভাবনার খোরাক, যা কিছু আক্ষেপের অনুষঙ্গ, তা ওই পরের ম্যাচটা নিয়ে। টুর্নামেন্টে টিকে থাকার জন্য যে জটিল সমীকরণ নিয়ে আমরা সেদিন পাকিস্তানকে মোকাবিলা করেছিলাম, সারা বিশ্বের কাছেই সেটা ছিল প্রায় অসম্ভবের দেয়াল ভাঙার শামিল। জিততে হবে এবং অন্তত ৩৬ রানের ব্যবধানে। সময় কিন্তু সে অসম্ভবকে সম্ভব করার সুযোগ নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছিল। ৩৬ রানের ব্যবধানটাও হয়ে যেতে পারত। আর তা যদি না-ই হতো, অন্তত জয়টা মোটেই আমাদের সাধ্যের বাইরে ছিল না। হা-হুতাশটা এখানেই। ম্যাচটা দেখতে শুরু করে সারা দেশ ভাবছিল, আজ হতে পারে, হতে পারে। হতে পারত, কিন্তু হলো না। হলো না যে, তার কারণ বহুবিধ। আমরা সেদিন দুই শ ছাড়িয়ে যেতে পারতাম। পারলাম না, দারুণ শুরু করা তামিম ইকবাল পিছলে পড়ে রান আউট হওয়ায়। পারলাম না, আমাদের নিয়ে এক অলৌকিক সময়ের ভেতরে ঢুকে পড়া সাকিবের ব্যাট কাঙ্ক্ষিত সহযোগ পেল না কোনো সতীর্থের কাছ থেকে। পেলে তাঁর হিরণ্ময় স্ট্রোক উজ্জ্বল ৮৪ শতরান পেরিয়ে আমাদের সংগ্রহ দুই শ পার করিয়ে নিতে পারত। তারপর পাকিস্তানের সেদিনের ত্রাতা ইমরান নাজির সাকিবের প্রথম ওভারে আম্পায়ারের বদান্যে ও দিনের দ্বিতীয় ওভারে আবুল হাসানের তালু ফসকে বেঁচে যাওয়ায় আমরা ম্যাচ থেকে বেরিয়ে গেলাম। আমাদের সব সম্ভাবনা অগ্রসরমান সময়ের খোঁচা খেতে খেতে চুপসে গেল। আমাদের বলগুলো নিশানা হারাতে লাগল, আমাদের ফিল্ডিংয়ের মান পড়তে লাগল। সুযোগ হারানোর স্নায়ুপীড়নে আমরা ক্রমেই নিষ্প্রভ হয়ে নিভে গেলাম। বোলিংয়ের পালায় প্রারম্ভিক সুযোগগুলো আমাদের পক্ষে এলে হয়তো বা দর্শক হয়ে সুপার এইটের খেলা দেখতে হতো না। সুযোগগুলো আমরা নিতে পারিনি, কিন্তু এটাও তো সত্য, সুযোগগুলো আমরা তৈরি করতে পেরেছিলাম, অর্থাৎ এ কাজটা করার ক্ষমতা আমাদের আছে। আবারও নির্মাণ করতে পারব। বারবার সদ্ব্যবহার করতে ব্যর্থ হব না। প্রশ্ন থেকে যায়, বড় আসরে কেন ধারাবাহিকভাবে জ্বলে উঠতে পারি না। বিশ্বাসটা এসেছে, কার্যকারণ প্রমাণ দিয়ে যাচ্ছে যে সক্ষমতাটা সুপ্ত আছে। আরও বড় হয়ে ওঠা আমাদের পক্ষে সম্ভব। তবে হচ্ছে না কেন, কী করলে হবে? দলের বাইরে থেকে ভাবাভাবির চাইতে দলের ভেতর থেকেই সমাধান ভাবনাটা এলে অধিকতর সুবিধা। পাকিস্তানের সঙ্গে একটা সম্ভাব্য বিজয় নথিবদ্ধ না করতে পারার বেদনা হজম করে আমাদের উজ্জ্বলতম তারকা সাকিব আল হাসানের প্রাসঙ্গিক চিন্তা ও উপসংহারকে আস্থার সঙ্গে বিবেচনা করলে আমাদের আগামী দিনের ক্রিকেট কর্মকাণ্ড সুফলা হবে বলে আমার বিশ্বাস।কী ভাবছেন সাকিব? গত বৃহস্পতিবার প্রথম আলোয় উৎপল শুভ্রকে দেওয়া সাক্ষাৎকারে সাকিবের কণ্ঠে ঝরে পড়েছে এক নিঃসঙ্গ নাবিকের আর্তি। তাঁর বক্তব্যের সারৎসার ব্যাখ্যা করলে আমরা শুধু পাকিস্তানের সঙ্গে হারটার ময়নাতদন্তের রিপোর্ট দেখতে পাই না, একেবারে সরাসরি চামড়া পোড়া অভিজ্ঞতার আলোকে দেখতে পাই আমাদের অভাবগুলো, আমাদের করণীয় কর্মগুলো। আমাদের সেদিনের ১৭৫ রানের পুঁজিকে সেদিন বোলিং ও ফিল্ডিংয়ে বিজয়াভিসারী উজ্জীবিত নৈপুণ্য প্রদর্শনের বাহন করতে পারিনি। আমাদের মনোভঙ্গিতে, দেহভাষ্যে লড়াকু ছায়া ভাষাতে পারিনি। না পারার কোনো কারণ ছিল না। কাণ্ডজ্ঞানহীন আচরণে আমাদের তাৎক্ষণিক মনোবৈকল্য প্রকট হয়ে উঠেছে। এটা প্রয়োজনে নিজেদের মেলে ধরার স্বকৃত মানসিক প্রতিবন্ধকতা। পরিবেশগত তাড়নার অভাব, জাতীয় দলে স্থায়িত্বের নিরিখে প্রতিদ্বন্দ্বিতার অভাব ব্যক্তি খেলোয়াড়কে নিজের মানগত মাত্রা বাড়াতে উৎসাহী করে না বলে সাকিব মনে করেন। এর নেতিবাচক প্রভাব পড়ে দলীয় পারফরম্যান্সে। সেদিনের ফিল্ডিং আরও ধারালো হলে, কার্যকর দ্রুতগতির বোলিং থাকলে দিনটি আমাদের হতে পারত। আমরা যেই জায়গায় এখন আছি, তার চেয়ে আগে বাড়তে হলে সাকিবের উপলব্ধির সূত্রে বলতে হয়, দলে বিশ্বমানের খেলোয়াড়ের আধিক্য প্রয়োজন। প্রয়োজন অধিকসংখ্যক উচ্চমানের ফিল্ডার। আর এসবই হতে পারে জাতীয় দলে স্থান পাওয়ার ক্ষেত্রে, টিকে থাকার ক্ষেত্রে বিপুল ব্যক্তিগত লড়াই বহমান থাকলে। ঘাড়ের ওপর উষ্ণ নিশ্বাস না পড়লে কেউ টিকে থাকার জন্য, ফিরে আসার জন্য তেমনভাবে যত্নবান হচ্ছেন না। জাতীয় দলের কাছে অধিক কিছু প্রত্যাশা করলে ওই লড়াইটা আমাদের ক্রিকেট-সংস্কৃতিতে খুব দ্রুত সংশ্লিষ্ট করতে হবে।সাকিব তাঁর বিনয় সুরভিত উচ্চারণে নিজেকে বিশ্বমানের খেলোয়াড় অথবা খণ্ডিতভাবে বিশ্বমানের স্পিনার বলতে নারাজ। তার পরও তাঁর খেলার যেই মান, ধারাবাহিকতার যেই মাত্রা, সেখানেও তিনি দলে নিজেকে একা দেখতে পান। এই একাকিত্ব তাঁকে পোড়ায়। দলের অধিকসংখ্যক সদস্যকে এ মানে তুলে না আনলে দলীয় মান আন্তর্জাতিক অঙ্গনে ঊর্ধ্বমুখী হওয়ার নয়। সার কথা, উচ্চমাত্রার সরবরাহ প্রবাহ নির্মাণ করতে হবে। তারকার মাত্রা আরও উঁচু লয়ে বাঁধতে হবে। যাঁরা দলে নতুন ঢুকবেন, তাঁরা দাবি প্রতিষ্ঠা করে ঢুকবেন এবং ঢুকে প্রমাণ দিতে থাকবেন তাঁর দাবির যথার্থতা। অন্যদিকে বাদ পড়া প্রতিভাবান খেলোয়াড়েরা বাইরে থেকে নোটিশ দিতে থাকবেন প্রবলভাবে ফিরে আসার। এভাবেই একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ নির্মিত হবে আন্তর্জাতিক মানের বা বিশ্বমানের খেলোয়াড়ের অধিকসংখ্যায় আবির্ভাবের। সংশ্লিষ্ট সবাইকেই সচেতন হতে হবে সেই আবহ প্রস্তুত করায়। জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশারকে ওই আবহ না থাকায় হতাশা ব্যক্ত করতে দেখলাম কাগজে (প্রথম আলো, ২৮ সেপ্টেম্বর)। এ আবহ, এ পরিবেশ আমাদের তৈরি করতে হবে।শ্রীলঙ্কার চলমান বিশ্বকাপ দেখে আর সাকিবের বক্তব্য শুনে আমরা যদি বাংলাদেশ দলকে একটি সমুদ্রগামী জাহাজের সঙ্গে তুলনা করি, তবে জাতীয় দলের সব সদস্যকেই শান্ত জলের দক্ষ নাবিক হিসেবেই দেখতে পাই। কিন্তু সে জাহাজ যখন ঝড়ে পড়ে, তবে সেই প্রতিকূল আবহাওয়ায় দেখি একা নিঃসঙ্গ সাকিব ঝড়ের তাল সামলাচ্ছেন। এভাবে তো বন্দরে পৌঁছানো কঠিন। তাই উপযুক্ত সহযোগের জন্য তিনি কণ্ঠ ছাড়েন। তাঁর অনুভবকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে অনুমোদন করে কার্যকর ব্যবস্থা নিতে হবে। বিশ্বমানের ক্রিকেটার তো আর চাইলেই পাওয়া যাবে না। তার জন্য উপযুক্ত প্রশিক্ষণের পরিবেশ, সৃজনশীল চিন্তার স্ফুরণ, সাংগঠনিক কাঠামোসহ ক্রিকেটের সার্বিক কল্যাণমুখী চিন্তায় আমাদের আরও যত্নবান হতে হবে। আপাতত সাকিবকে, বলা ভালো সাকিবের খেলার মানকে লক্ষ্যমাত্রা চিহ্নিত করে আমাদের তরুণেরা সাধনায় মগ্ন হোন। দেহে-মনে-কৌশলে ধারালো হোন। আজকের সাকিব-কণ্ঠের করুণ বেহাগ আগামী ভোরে সম্মিলিত কণ্ঠের নব প্রভাতের ভৈরবীতে অবশ্যই রূপান্তরিত হবে।