নিঃস্ব এক নারী বিনিয়োগকারীর কথা
রোকসানা পারভীন ২০০৫ সাল থেকে শেয়ারব্যবসা করে আসছেন। গত বছরের শেষ দিকে তিনি ৯০ লাখ টাকা বিনিয়োগ করেন শেয়ারবাজারে। যার মধ্যে নিজস্ব ২০ লাখ ও পৈতৃক সম্পত্তি বিক্রির ৩০ লাখ টাকা ছিল। কিন্তু ব্রোকারেজ হাউসের অসহযোগিতা ও বিধিবহির্ভূত কর্মকাণ্ডে আজ তিনি নিঃস্ব।রোকসানা অভিযোগ করেন, তাঁকে না জানিয়ে ওই হাউস তাঁর ৯০ লাখ টাকা মূল্যের শেয়ার জোর করে বিক্রি (ফোর্সড সেল) করে দেয়। জোর করে বিক্রির ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) মৌখিক নিষেধাজ্ঞা থাকলেও তা মানেনি ওই ব্রোকারেজ হাউসটি। এ ব্যাপারে তিনি ক্ষতিপূরণ চেয়ে এসইসি, ডিএসই ও এফবিসিসিআই বরাবর লিখিত আবেদন করেছেন।লিখিত ওই আবেদন পত্রে বলা হয়, ‘ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য জিএমএফ সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহাতাব উদ্দিন খান গত বছরের ২ ডিসেম্বর আমাকে উপদেশ দিয়ে ৩৩ লাখ টাকা ডেবিট ব্যালান্স রেখে আমার বিও হিসাবে মোট ৯০ লাখ টাকার নন-মার্জিন শেয়ার কিনে দেন। গত ২০ জানুয়ারি ও ৯ মার্চ দুই ধাপে প্যারামাউন্ট ইনস্যুরেন্সের দুই হাজার ৪০০টি শেয়ার আমাকে না জানিয়ে ফোর্সড সেল করে আমার ১৮ লাখ টাকা ক্ষতি সাধন করেন। এ বিষয়ে প্রতিকার চেয়ে আমি এসইসির চেয়ারম্যানের কাছে আবেদন করলে প্রথম পর্যায়ে আমার সঙ্গে সমঝোতা হয় এবং দ্বিতীয় পর্যায়ে আমার বিও হিসাবের অবশিষ্ট শেয়ারগুলো বিক্রি না করার আশ্বাস দেওয়া হয়।’ওই আবেদনে আরও বলা হয়, গত জুলাই মাসে বাজার স্বাভাবিক হলে তিনি নিজ হিসাবের শেয়ার কেনাবেচা করে মার্জিন সমন্বয়ের চেষ্টা করলে তাঁকে মার্জিন সমন্বয়ের সুযোগ দেওয়া হয়নি। সবশেষে গত ২১ সেপ্টেম্বর তাঁর বিও হিসাবের সব শেয়ার ফোর্সড সেল করে দেওয়া হয়।এভাবে তাঁকে নিঃস্ব করা হয়েছে বলে অভিযোগ করেন রোকসানা পারভিন। তিনি ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে এসইসি, ডিএসই ও এফবিসিসিআইয়ের কাছে আবেদন করেছেন। অথবা ফোর্সড সেল করা তাঁর সব শেয়ার ফেরত পাওয়ার আবেদন জানান তিনি।আজ বুধবার রোকসানা পারভীন প্রথম আলো অনলাইনকে বলেন, ‘বাজারে এত বড় দরপতনের পরও আমরা বাজার থেকে বের হয়ে যাইনি। সরকারের আহ্বানে আমরা মাটি কামড়ে পড়ে ছিলাম। কিন্তু ওই ব্রোকারেজ হাউস আমাকে বাজার থেকে বের করে দিয়েছে। মাত্র ৩৮ হাজার টাকা ঋণাত্মক ইকুইটির কারণে আমার সব শেয়ার বেচে দিয়েছে। আমাকে জানালে প্রয়োজনে আমি ওই টাকা জমা দিতাম।’ তিনি আরও বলেন, বাজার ভালো হলে হয়তো ঋণের সুদ কিছু বাড়ত। তবে সব মূলধন শেষ হয়ে যেত না।এ ব্যাপারে এসইসির চেয়ারম্যান জানান, কোনো মার্চেন্ট ব্যাংক বা ব্রোকারেজ হাউসের বিরুদ্ধে বিরুদ্ধে ফোর্সড সেলের অভিযোগ থাকলে তা এসইসিতে লিখিত জানাতে বলেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।এ ব্যাপারে জিএমএফ সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহাতাব উদ্দিন খানের বক্তব্য জানতে বারবার তাঁর মুঠোফোনে ফোন করে ও খুদেবার্তা পাঠিয়ে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।