নিউ এজকে সংবাদ পরিবেশনে সতর্ক থাকার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি দৈনিক ‘নিউ এজ’-এর বিরুদ্ধে আদালত অবমাননার রুলের বিষয়ে আজ রোববার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদেশে ‘নিউ এজ’-এর প্রকাশক আ স ম শহীদুল্লাহ খান, সম্পাদক নুরুল কবির ও প্রতিবেদক ডেভিড বার্গম্যানকে সর্বোচ্চ সতর্ক করা হয়। এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়। ট্রাইব্যুনাল আরও বলেন, আইনগত বিষয়ে সংবাদ লেখা ও প্রকাশের সময় অবশ্যই সাধারণ মানুষের আইনের বিষয়ে জ্ঞানের পরিধি মাথায় রাখতে হবে। ট্রাইব্যুনাল নিয়ে ইংরেজি দৈনিক ‘নিউ এজ’-এ প্রকাশিত প্রতিবেদনে আদালত অবমাননা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল। তবে ভাবমূর্তির কথা বিবেচনা করে কঠোর সতর্কবাণী দিয়ে আদালত অবমাননা মামলা থেকে নুরুল কবির, বিশেষ প্রতিবেদক ডেভিড বার্গম্যান ও প্রকাশক আ স ম শহীদুল্লাহ খানকে অব্যাহতি দেওয়া হয়েছে।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন। গত ২ অক্টোবর ‘নিউ এজ’-এর সম্পাদকীয় পাতায় জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন নিয়ে বার্গম্যানের ‘অ্যা ক্রুশিয়াল পিরিয়ড ফর আইসিটি’ শিরোনামে লেখা প্রকাশিত হয়। লেখাটি কেন ট্রাইব্যুনালের জন্য অবমাননাকর নয়, তার কারণ দর্শানোর জন্য ৩ অক্টোবর ট্রাইব্যুনাল রুল জারি করেন।