নিউ এজের বিরুদ্ধে রুলের শুনানি ২০ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি দৈনিক নিউ এজের বিরুদ্ধে আদালত অবমাননার রুলের পরবর্তী শুনানি ২০ ডিসেম্বর। আজ বৃহস্পতিবার নিউ এজের প্রকাশক আ স ম শহীদুল্লাহ খান এবং প্রতিবেদক ডেভিড বার্গম্যানের পক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান খান বক্তব্য তুলে ধরেন। এরপর মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুনানির এ দিনটি ধার্য করেন। এরপর নিউ এজের সম্পাদক নুরুল কবির তাঁর নিজের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, ‘নিউ এজে প্রকাশিত মন্তব্য প্রতিবেদনটি কোনোভাবেই আদালতের জন্য অবমাননাকর নয়, বরং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়; যার দিকে গোটা জাতি তাকিয়ে আছে। বিচার প্রক্রিয়াকে গতিশীল করতে, বিতর্কমুক্ত রাখতে এবং মানুষকে জানাতে ওই প্রতিবেদনটি ছাপা হয়েছে।’পরে বেলা একটার দিকে বক্তব্য উপস্থাপন অসম্পূর্ণ অবস্থায় রেখেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন।গত ১ অক্টোবর ইংরেজি দৈনিক নিউ এজে ‘এ ক্রুসিয়াল পিরিয়ড ফর আইসিটি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ট্রাইব্যুনাল মনে করে, পুরো প্রতিবেদনটি মানুষের কাছে ট্রাইব্যুনালের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য করা হয়েছে। এ জন্য ওই প্রতিবেদনের লেখক ডেভিড বার্গম্যান, নিউ এজের সম্পাদক নুরুল কবির এবং প্রকাশক আ স ম শহীদুল্লাহ খানের বিরুদ্ধে আইনের ১১(৪) ধারা অনুসারে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়। গত ২৭ নভেম্বর প্রথম দিনের মতো রুলের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।