নিউ এলিফ্যান্ট রোডে হাতি!
এখন যে জায়গাটা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তর, সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ছিল পিলখানা। এখানে থাকত সরকারি হাতি। এ ছাড়া জমিদাররা জায়গা ভাড়া নিয়ে এখানে তাঁদের হাতি রাখতেন। এসব হাতিকে যে রাস্তা দিয়ে চারণভূমিতে নিয়ে যাওয়া হতো, সেটি এখন এলিফ্যান্ট রোড নামে পরিচিত। এই এলিফ্যান্ট রোড কিংবা নিউ এলিফ্যান্ট রোড—দুটি সড়কের কোনোটিতেই এ কালে হাতি হাঁটতে দেখা যায় না। কালেভদ্রে কেবল সার্কাসের হাতি হেঁটে যেতে পারে।তবে সম্প্রতি মিরপুর সড়ক হয়ে যাঁরা নিউ এলিফ্যান্ট রোডে ঢুকেছেন তাঁরা হয়তো খেয়াল করেছেন, ওই সড়কে ঢোকার মুখে একটি নয়, দু-দুটো হাতি পথচারী ও যাত্রীদের অভ্যর্থনা জানাচ্ছে। তবে জলজ্যান্ত নয়, ভাস্কর্য হয়ে দাঁড়িয়ে আছে দুটি হাতি। একটি বড়, অন্যটি ছোট। পাথরের উঁচু ঢিবিতে ইট-সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে হাতি দুটি। হাতির চারপাশে পানির ফোয়ারাও আছে। সব মিলিয়ে সড়কদ্বীপে চমৎকার এক আয়োজন। নিউ এলিফ্যান্ট রোডের ব্যবসায়ী মোহাম্মদ সোহেল বলেন, হাতির ভাস্কর্য দেওয়ায় এলিফ্যান্ট রোড এখন তার নামের সঙ্গে যেমন মিল বহন করছে, তেমনই সড়কের মুখের সৌন্দর্যও বেড়েছে।সড়কের মুখের এই সৌন্দযবর্ধনে অর্থায়ন করেছে ‘দ্য রেইমন্ড শপ’। এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক (প্রশাসন) জসীম উদ্দিন বলেন, কাঁটাবন থেকে সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত মিরপুর সড়কের সৌন্দর্যবর্ধনের দায়িত্বে আছে তাঁদের প্রতিষ্ঠান। এ হিসেবেই মিরপুর সড়ক ও নিউ এলিফ্যান্ট রোডের সংযোগস্থলে সড়কদ্বীপের সৌন্দর্য বর্ধন করা হয়েছে। এ কাজের সঙ্গে ঢাকা সিটি করপোরেশনও (ডিসিসি) জড়িত।এ বিষয়ে ডিসিসির সৌন্দর্যবর্ধন বিভাগে দায়িত্বরত কর্মকর্তা আ ন ম ইফতেখারুল হক বলেন, যেসব প্রতিষ্ঠান সড়ক বিভাজক ও সড়কদ্বীপ সৌন্দর্যবর্ধনের দায়িত্বে আছে, বিশ্বকাপের আগে সেগুলোর সৌন্দর্য বাড়াতে বলা হয়েছিল। এরই অংশ হিসেবে সড়কদ্বীপে হাতির ভাস্কর্য করা হয়েছে।