নিউ হীরা জুয়েলার্সে ডাকাতির ঘটনায় সাতজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানীতে ইকবাল সেন্টারে নিউ হীরা জুয়েলার্স থেকে স্বর্ণালংকার ডাকাতির ঘটনায় দোকানের চার কর্মচারী এবং ওই ভবনের তিন নিরাপত্তাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে এই সাতজনের কাছ থেকে ডাকাতির বিষয়ে কোনো তথ্য পায়নি পুলিশ।পুলিশের ধারণা, ঘটনাটি ঘটিয়েছে কোনো পেশাদার ডাকাতদল। তাদের সঙ্গে দোকানের কর্মচারীদের যোগাযোগ থাকতে পারে। তারা হয়তো ডাকাতদের তথ্য দিয়েছে। পুলিশ জানায়, দোকানের কর্মচারীদের সঙ্গে ডাকাতদের কোনো সংশ্লিষ্টতা আছে কি না তা খতিয়ে দেখতে তাদের ফোন নম্বরে খোঁজ করা হচ্ছে।গত শুক্রবার দুপুরে নিউ হীরা জুয়েলার্স থেকে ডাকাতেরা অস্ত্রের মুখে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের এক হাজার ১৬২ ভরি স্বর্ণালংকার লুট করে। এ ব্যাপারে দোকান-মালিকের ভায়রা মোশাররফ হোসেন বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। এজাহারে সন্দেহ করা হয়, ঘটনার সঙ্গে দোকানের কর্মচারী ও নিরাপত্তাকর্মীরা জড়িত থাকতে পারে।এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ডাকাতির ঘটনায় ওই দোকানের চার কর্মচারী এবং ইকবাল সেন্টারের তিন নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের রিমান্ডে আনা হবে। তবে এই সাতজনের কেউই এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেননি।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ডাকাত দল প্রায় সাড়ে ১১ শ ভরি স্বর্ণালংকার লুট করে। অথচ কোনো সাড়াশব্দ নেই, আশপাশের কেউ কিছু টেরও পায়নি। এ বিষয়টি বিস্ময়কর। দোকানের লোকজনের সঙ্গে হাত না থাকলে এটা সম্ভব নয়।পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুৎফুল কবীর গতকাল প্রথম আলোকে বলেন, দোকানের এক বিক্রয়কর্মীরও হাত-পা কেটেছে। তার খোঁজ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ডাকাত দলের কোনো খোঁজ মেলেনি।