নিউইয়র্কে ইনফ্লুয়েঞ্জায় জরুরি অবস্থা ঘোষণা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে ইনফ্লুয়েঞ্জা ‘মহামারি’ আকার ধারণ করায় সেখানে জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আজ রোববার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।নিউইয়র্কে চলতি মৌসুমে ইতিমধ্যে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্তের সংখ্যা প্রায় ২০ হাজার, যা গত শীত মৌসুমের তুলনায় চার গুণ বেশি।যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, গত সপ্তাহে যুক্তরাজ্যে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৭ দশমিক ৩ শতাংশ লোক নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে মারা গেছে।এক সপ্তাহ আগে ৪১টি অঙ্গরাজ্যে ইনফ্লুয়েঞ্জা ছড়িয়ে পড়ে, তবে এখন তা ৪৭টি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে।এই পরিস্থিতিতে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) মার্কিনিদের ইনফ্লুয়েঞ্জার প্রতিষেধক নিতে আবারও আহ্বান জানিয়েছে। তবে তারা এ-ও বলছে, প্রতিষেধকমূলক ব্যবস্থা পুরোপুরি অব্যর্থ নয়। এক প্রাথমিক সমীক্ষায় দেখা গেছে, এ বছর ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন ৬২ শতাংশ কার্যকর হয়েছে। কার্যকর হওয়ার এই হার ‘মধ্যম মাত্রার’। সাধারণত এই ভ্যাকসিন ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কার্যকর হয়ে থাকে।ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত রোগীদের জ্বর, সর্দি-কাশি, কফ, নাক দিয়ে পানি ঝরা এবং শরীরে ব্যথা হয়। যাদের অবস্থা বেশি আশঙ্কাজনক, তাদের বমি ও পেটের অসুখ হতে দেখা যায়।যুক্তরাষ্ট্রে নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জার মতো অসুস্থতায় মৃত্যুর সংখ্যা গ্রীষ্মে কম থাকলেও শীতকালে বেড়ে যায়। প্রতি শীত মৌসুমেই এক থেকে দুই সপ্তাহের জন্য এটি মহামারি স্তরে পৌঁছে থাকে।