নিউইয়র্কে চাকরির আবেদন করতে চার দিন আগে থেকে লাইন
চাকরির জন্য আবেদনপত্র সংগ্রহ করতে চার দিন আগে থেকেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক প্রতিষ্ঠানের আশপাশে ঘাঁটি গেড়ে বসেছেন চাকরিপ্রার্থীরা। নগরের এস্টোরিয়ায় চাকরিদাতা প্রতিষ্ঠানটির ভবন ঘিরে তাঁবু খাটিয়ে অবস্থান করছেন তাঁরা। বহুতল ভবনটির বৈদ্যুতিক সিঁড়ি ব্যবস্থাপনা কোম্পানিতে ১০০টি শিক্ষানবিশ পদে লোক নেওয়া হবে। সোমবার সকাল সাড়ে নয়টায় আবেদনপত্র দেওয়া হবে বলে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ১০০টি পদের জন্য আবেদনপত্র দেওয়া হবে ৭৫০টি।বিজ্ঞপ্তি প্রকাশের পর শুক্রবার বিকেল থেকে ভবনটির সামনে চাকরিপ্রার্থীরা এসে জড়ো হতে শুরু করেন। সঙ্গে তাঁবু ও বিছানাপত্র নিয়ে এসেছেন তাঁরা। রোববার রাত পর্যন্ত প্রায় এক মাইল লম্বা তাঁবুর সারি তৈরি হয়। তাঁবুতেই আহার করে রাত যাপন করছেন বেপরোয়া এসব চাকরিপ্রার্থী।বেকারত্বের দিক থেকে যুক্তরাষ্ট্রের নগরগুলোর মধ্যে নিউইয়র্ক অন্যতম। চলমান অর্থনৈতিক মন্দার কারণে নিউইয়র্কে বেকারত্বের হার এখন ১০ শতাংশের কাছাকাছি। তিন-চার দিন আগে থেকে তাঁবু খাটিয়ে চাকরির আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার জন্য লাইন দেওয়ার এমন ঘটনা এর আগে এখানে চোখে পড়েনি কখনো।তাঁবু খাটিয়ে চাকরির আবেদনপত্র সংগ্রহ করতে যাঁরা অপেক্ষা করছেন, তাঁদের একজন জোসেফ কাপুটো (২০) জানালেন, মন্দার এ সময়ে নিউইয়র্ক নগরে চাকরি পাওয়া সত্যিই সোনার হরিণ। চাকরিদাতা প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, চাকরিতে যাঁরা বহাল হবেন তাঁরা জনপ্রতি ঘণ্টায় ১৪ থেকে ১৬ ডলার মজুরি পাবেন।