নিউইয়র্কে চেলসির বিয়ে অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের একমাত্র মেয়ে চেলসি তাঁর দীর্ঘদিনের প্রেমিক মার্ক মেজভিনস্কিকে বিয়ে করলেন। গতকাল শনিবার বিকেলে নিউইয়র্ক থেকে ১৬০ কিলোমিটার দূরে হাডসন নদীর তীরে রাইনবেকের অ্যাস্টর কোর্টে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। খবর রয়টার্সের।একমাত্র মেয়ের বিয়ে উপলক্ষে এক বিবৃতিতে ক্লিনটন দম্পতি বলেন, ‘পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের উপস্থিতিতে চমত্কার পরিবেশে চেলসি ও মেজভিনস্কির বিয়ে সম্পন্ন হওয়ায় আমরা খুবই গর্বিত ও আবেগাপ্লুত।’বিবৃতিতে তাঁরা আরও বলেন, ‘আমরা চেলসি ও মেজভিনস্কির সুখী ও সমৃদ্ধ দাম্পত্য-জীবন কামনা করছি। মার্ককে আমাদের পরিবারে স্বাগত জানিয়ে আমরা খুবই আনন্দিত।’বিল ও হিলারি রাইনবেকের জনগণের উদ্দেশে বলেন, ‘আমাদেরকে স্বাগত জানানোর জন্য এবং মঙ্গল কামনা করায় নতুন বিবাহিতদের পক্ষ থেকে আজ আমরা রাইনবেকের জনগণকে ধন্যবাদ জানাতে চাই।’বিবৃতিটি স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় প্রকাশ করা হয়। তবে কখন বিয়ে অনুষ্ঠিত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।এদিকে বিয়ের অনুষ্ঠানে বর-কনের মা-বাবা ছাড়াও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে বিল ক্লিনটনের সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইট, অভিনেতা টেড ড্যানসন, মেরি স্টিনবারগেন ও ফ্যাশন ডিজাইনার ভেরা ওয়াং উপস্থিত ছিলেন।