নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন নাকচ করল জিয়াবাও পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের পরিবারের সদস্যদের পৌনে ৩০০ কোটি মার্কিন ডলারের গোপন সম্পত্তি আছে বলে ‘নিউইয়র্ক টাইমস’ পত্রিকার প্রকাশিত খবর নাকচ করে দিয়েছে জিয়াবাওয়ের পরিবার।সিঙ্গাপুরের গণমাধ্যমে আজ রোববার প্রকাশিত বিবৃতিতে জিয়াবাওয়ের পরিবারের আইনজীবীরা জানান, প্রধানমন্ত্রীর পরিবারের অনেক সদস্য ব্যবসার জঙ্গে জড়িত থাকলেও তাঁদের কোনো অবৈধ ব্যবসা নেই।গত শুক্রবার প্রকাশিত ‘নিউইয়র্ক টাইমস’-এর প্রতিবেদনে বলা হয়, ৯০ বছর বয়সী মা ইয়াং ঝিয়ুন অঢেল সম্পত্তির মালিক। নথিপত্র অনুযায়ী, পাঁচ বছর আগে শুধু একটি কোম্পানিতে তাঁর বিনিয়োগের পরিমাণ ছিল ১২ কোটি মার্কিন ডলার। আর জিয়াবাওয়ের পরিবারের লোকজনের সম্পত্তির পরিমাণ এখন ২৭০ কোটি মার্কিন ডলারের।মার্কিন পত্রিকাটির ওই প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়েছে চীন। একই সঙ্গে চীনে পত্রিকাটির ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, ‘নিউইয়র্ক টাইমস’-এর প্রতিবেদন ডাহা মিথ্যা। জিয়াবাও পরিবারের সদস্যদের কোনো গোপন সম্পত্তি নেই। তাঁদের কোনো অবৈধ ব্যবসাও নেই। পরিবারের সদস্যদের ব্যবসায়িক সুবিধা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী জিয়াবাও তাঁর প্রভাব খাটান বলে ‘নিউইয়র্ক টাইমস’ যে অভিযোগ তুলেছে, তা-ও মিথ্যা। একই সঙ্গে পত্রিকাটির ‘এমন অসত্য’ প্রতিবেদনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয় ওই প্রতিবেদনে।তবে ‘নিউইয়র্ক টাইমস’ কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের প্রতিবেদন ঠিক আছে। যথার্থ অনুসন্ধানী সাংবাদিকতার ভিত্তিতেই ওই প্রতিবেদন করা হয়েছে।‘নিউইয়র্ক টাইমস’-এর প্রতিবেদনে বলা হয়, জিয়াবাও নেতৃত্বে যাওয়ার পর তাঁর স্ত্রী, ছেলে, মেয়ে, ছোট ভাইসহ পরিবারের অন্য সদস্যরা বিপুল অর্থের মালিক হয়েছেন। তাঁদের সবার মোট সম্পত্তির মূল্য ২৭০ কোটি মার্কিন ডলার। বেশির ভাগ ক্ষেত্রে এই অর্থ এসেছে অবৈধ মধ্যস্থতার মাধ্যমে। অনেক ক্ষেত্রে তাঁরা সম্পত্তি গোপন করেছেন বন্ধুবান্ধব, সহকর্মী ও ব্যবসায়িক অংশীদারদের নাম ব্যবহার করে। অর্থ বানাতে তাঁরা সহায়তা পেয়েছেন রাষ্ট্রীয় মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। সেসব অর্থ বিনিয়োগ করা আছে ব্যাংক, জুয়েলারি, পর্যটন ও টেলিযোগাযোগ খাতে।জিয়াবাও ১৯৯৮ সালে প্রথমে উপপ্রধানমন্ত্রী হন। এর পাঁচ বছর পর তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।প্রতিবেদনে আরও বলা হয়, দেশের বৃহত্তর বিভিন্ন ব্যবসা খাতে বিনিয়োগসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে প্রধানমন্ত্রী জিয়াবাওয়ের হাতে। দেখা গেছে, ওই সব খাতেই বিনিয়োগ করা আছে তাঁর পরিবারের সদস্যদের অর্থ। যেকোনো কোম্পানির শেয়ারবাজারে তালিকাবদ্ধ হতে যে সংস্থার অনুমোদন লাগে, সেটির দায়িত্বে আছেন জিয়াবাও। এ ছাড়া জ্বালানি ও টেলিযোগাযোগের মতো কৌশলপূর্ণ খাতে বিনিয়োগের চূড়ান্ত সিদ্ধান্তে প্রভাব রাখার আইনি এখতিয়ারও প্রধানমন্ত্রী রাখেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে, বিনিয়োগসংক্রান্ত প্রধানমন্ত্রীর বিভিন্ন সিদ্ধান্ত থেকে লাভবান হচ্ছে তাঁর পরিবারের সদস্যদের বিনিয়োগ প্রতিষ্ঠান। বিবিসি।