নিউইয়র্ক ম্যারাথন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন মহলের কড়া সমালোচনার মুখে ঘূর্ণিঝড় স্যান্ডি-পরবর্তী সময়ের ঐতিহ্যবাহী নিউইয়র্ক ম্যারাথন বাতিল করা হয়েছে। নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ গতকাল শুক্রবার এ ঘোষণা দেন বলে আজ শনিবার বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়েছে।আগামীকাল রোববার নিউইয়র্কের স্টাটেন দ্বীপে এই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল। তবে গত সোমবার যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় স্যান্ডির ক্ষয়ক্ষতি ও প্রাণহানির প্রেক্ষাপটে এ প্রতিযোগিতা আয়োজনের যৌক্তিকতা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। স্যান্ডির আঘাতে দুর্গত এলাকায় এখন পর্যন্ত ১০০ মানুষ নিহত হয়েছে। এর মধ্যে নিউইয়র্কেই নিহত হয়েছে ৪০ জন। মেয়র মাইকেল ব্লুমবার্গ এক বিবৃতিতে বলেন, ‘এই প্রতিযোগিতাটির ওপর আমরা মেঘ ঝুলিয়ে রাখতে চাই না। প্রতিযোগীদেরও কোনো মানসিক চাপে ফেলতে চাই না। তাই আমরা এই ম্যারাথন বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘একটি ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে আমরা কোনো বিতর্ক কিংবা বিভেদও সৃষ্টি হতে দিতে পারি না।’এর আগে অবশ্য ব্লুমবার্গ বলেছিলেন, স্যান্ডি-পরবর্তী সময়ে এই ম্যারাথন প্রতিযোগিতা মানুষকে আনন্দ দেবে।তবে এই ম্যারাথন আয়োজন নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন নিউইয়র্কের মেয়র। এর পরপরই এটি বাতিলের ঘোষণা দেওয়া হয়।উল্লেখ্য, নিউইয়র্ক ম্যারাথনের ভেন্যু স্টাটেন দ্বীপে স্যান্ডির আঘাতে ১৯ জন নিহত হয়েছে। বিদ্যুত্হীন স্টাটেনের পরিস্থিতি এখনো ভয়াবহ। সেখানে এখনো চলছে উদ্ধার তত্পরতা, মাঝেমধ্যে বেরিয়ে আসছে স্যান্ডির আঘাতে নিহতদের দেহ।