নিউইয়র্ক স্টেট সিনেটে ২৬ মার্চ ‘বাংলাদেশ ডে’ বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার মাসে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিরা আরেকটি বিজয় পেয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে গতকাল শুক্রবার আলবানিতে নিউইয়র্কের স্টেট সিনেটে সর্বসম্মতিক্রমে ‘২৬ মার্চ বাংলাদেশ ডে’ বিল পাস হয়েছে। এর ফলে আগামী বছর থেকে এ দিনটি আনুষ্ঠানিকভাবে পালিত হবে নিউইয়র্ক সিনেটে। নিউজ ওয়ার্ল্ড এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, সকাল ১০টায় পূর্ণাঙ্গ সিনেট অধিবেশন বসার সঙ্গে সঙ্গে ২৬ মার্চ বাংলাদেশ ডে বিলটি সিনেটে উত্থাপন করেন নিউইয়র্ক সিটির ব্রঙ্কস বরো থেকে নির্বাচিত স্টেট সিনেটর রবিন দিয়াজ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন অর্ধশতাধিক বাংলাদেশি। বিলটি উত্থাপনের মাত্র ২০ মিনিটের মধ্যেই তা সর্বসম্মতিক্রমে পাস হয়। এ সময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রঙ্কসের কমিউনিটি নেতা অ্যাটর্নি লুইস সুপালভেদা, জাকির খান, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি মাহবুব এ আলম, নূর ভূঁইয়া প্রমুখ।এ সময় বিলের প্রতি সমর্থন জানাতে সেখানে উপস্থিত হন ব্রঙ্কসের বাংলাদেশি অধ্যুষিত এলাকা থেকে নির্বাচিত স্টেট অ্যাসেম্বলি-ম্যান এরিক স্টিভেনসন্স। বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করে স্টিভেনসন্স বলেন, প্রবাসে বাংলাদেশি কমিউনিটি কেবল দ্রুত অগ্রসরমাণই নয়, বাংলাদেশিরা অত্যন্ত কর্মঠ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ জন্য তিনি তাঁদের অভিনন্দন জানান। সিনেট ফ্লোরে বিলটি নিয়ে ভোটাভুটির সময় শ্বাসরুদ্ধকর উত্তেজনার মধ্যে ছিলেন উপস্থিত বাংলাদেশিরা। মাত্র ২০ মিনিটে সর্বসম্মতিক্রমে বিলটি পাস হওয়ামাত্রই উপস্থিত সকলে উল্ল¬াসে ফেটে পড়েন। বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানে মুখরিত হয়ে ওঠে স্টেট ক্যাপিটাল। বিলটি সিনেটে উত্থাপনের প্রাক্কালে বাংলাদেশের স্বাধীনতার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে বক্তব্য দেন সিনেটর রবিন দিয়াজ। তিনি বলেন, লাখো বাংলাদেশি তাঁদের দেশের স্বাধীনতার জন্য আত্মদান করেছে। পৃথিবীর মুক্তিকামী মানুষের জন্য এটি অনুকরণীয়। তাই নিউইয়র্ক স্টেট সিনেট ছাব্বিশে মার্চকে স্মরণীয় রাখতে দিনটিকে বাংলাদেশ ডে হিসেবে ঘোষণা করতে পারে। তার বক্তব্যকে সবাই হাত তুলে সমর্থন জানালে সর্বসম্মতিক্রমে তা পাস হয়। এর আগে স্টেট সিনেটের বিশেষ এই অধিবেশনের শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াত দিয়ে। কোরআন তিলাওয়াত করেন ব্রঙ্কস প্রবাসী মাওলানা অহিদ চৌধুরী। নিউইয়র্ক সিনেট অধিবেশনের ইতিহাসে এই প্রথম পবিত্র কোরআন শরিফ থেকে পাঠ করা হয় বলে জানান সিনেটর রবিন দিয়াজ। অনুষ্ঠানে ৬০ জন বিশিষ্ট বাংলাদেশিকে আমন্ত্রণ জানানো হয় এবং আমন্ত্রিতদের মধ্যে ৩৪ জন বাংলাদেশি সিনেট অধিবেশনে যোগ দেন।হ্যাংকসে বাংলাদেশি কমিউনিটি নেতা জাকির খান ও বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি মাহবুব এ আলমের প্রস্তাবে সিনেটর রবিন দিয়াজ বিলটি সিনেটে উত্থাপন করেন।