নিউইয়র্ককে প্রধান দুর্গত এলাকা ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে গতকাল সোমবার রাতে হারিকেন স্যান্ডি প্রবল আঘাত হানার পর আজ মঙ্গলবার প্রেসিডেন্ট বারাক ওবামা নিউইয়র্ক অঙ্গরাজ্যকে ‘প্রধান দুর্গত এলাকা’ ঘোষণা করেছেন। ঝড়ের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে ওই অঙ্গরাজ্যের উপকূলবর্তী সব এলাকা বন্যায় তলিয়ে গেছে এবং প্রায় ৭০ লাখ মানুষ বিদ্যুত্হীন অবস্থায় রয়েছে। বিবিসির খবরে বলা হয়, নিউইয়র্ক শহরে যোগাযোগের প্রধান সড়ক হিসেবে পরিচিত পাতাল রেলপথটি প্রায় ১৩ ফুট পানির নিচে তলিয়ে আছে। বন্যার কারণে শহরের একটি বিদ্যুত্ উপকেন্দ্রে বিস্ফোরণ ঘটেছে, একটি হাসপাতাল জলাবদ্ধ হয়ে পড়ায় সেটি খালি করে দেওয়া হয়েছে এবং প্রায় ৫০টি বাড়ি পানিতে ভেসে গেছে। সিএনএনের খবরে বলা হয়, মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের ১০টি অঙ্গরাজ্য এবং রাজধানী ওয়াশিংটনের প্রায় ৭০ লাখ মানুষ বিদ্যুত্হীন হয়ে পড়ে। স্যান্ডির কারণে যুক্তরাষ্ট্রে কমপক্ষে ১৫ জন মারা গেছে। কানাডায় মারা গেছে আরও একজন। এক সপ্তাহ ধরে ক্যারিবীয় অঞ্চলে হারিকেন স্যান্ডির তাণ্ডবের কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮৪।নিউজার্সির স্বায়ত্তশাসিত এলাকা মোনাকির শহর রক্ষা বাঁধ পানির তোড়ে ভেঙে গেলে শহরটি পানির নিচে তলিয়ে যায়। পরে কর্তৃপক্ষ শহরবাসীকে সরিয়ে নিতে নৌকায় করে উদ্ধার তত্পরতা শুরু করে। ব্যার্গেন এলাকার প্রধান কর্মকর্তা জেন ব্যারেট্টা সিএনএনকে বলেন, ‘মোনাকি শহরের সব কটি সড়ক চার থেকে পাঁচ ফুট পানির নিচে তলিয়ে আছে।’ বিবিসির খবরে বলা হয়, নিউইয়র্কে আঘাত হানার পর হারিকেন স্যান্ডি একটি মামুলি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে কানাডার দিকে যাচ্ছে। কিন্তু, এর পরও এর ধ্বংসোন্মুখ রূপ দেখে আবহাওয়াবিদেরা একে সুপার-স্ট্রম বা তুমুল ঘূর্ণিঝড় আখ্যা দিচ্ছেন। ধ্বংসোন্মুখযুক্তরাষ্ট্রের নিউজার্সিতে স্থানীয় সময় সোমবার রাত ১০টায় এবং বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সকাল আটটায় হারিকেন স্যান্ডি আঘাত হানে। এ সময় ঝড়ের কেন্দ্রে এর গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৮০ মাইল বা ১২৯ কিলোমিটার। উত্তর ও পশ্চিম দিক থেকে ধেয়ে আসা ঠান্ডা বাতাসের সঙ্গে মিশে গিয়ে ঝড়ের ক্ষতির মাত্রা অনেক বেড়ে যায়। ঝড়ে উত্তাল হাডসন ও ইস্ট নদীর পানির উচ্চতা বেড়ে নিউইয়র্কের নিচু এলাকা ম্যানহাটন দ্রুত প্লাবিত করে। সে সময় রাস্তায় দাঁড় করিয়ে রাখা অনেক গাড়ি পানির তোড়ে ভেসে যায়। নিউইয়র্কের যোগাযোগব্যবস্থার পরিচালক জোসেফ লোটা বলেন, ‘নিউইয়র্কের পাতালরেল যোগাযোগের বয়স ১০৮ বছর। কিন্তু, গত রাতে যে প্রবল দুর্যোগের মুখোমুখি হতে হয়েছে, এমনটা আর কখনো হয়নি।’নিউইয়র্ক অঙ্গরাজ্য সরকারের ব্যবস্থাপনা বিভাগের পরিচালক হাওয়ার্ড গ্লাসের বলেন, ‘ম্যানহাটনের নিচু এলাকাগুলো সমুদ্রের পানিতে ডুবে আছে। এতটুকু বাড়িয়ে বলছি না। সমুদ্রের পানি ব্যাটারি সুড়ঙ্গে ঢুকে পড়েছে।’ এ সুড়ঙ্গের মাধ্যমেই ম্যানহাটনের সঙ্গে আশপাশের দ্বীপগুলোর যোগাযোগ রক্ষা হয়। নিউইয়র্কের নাগরিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কনসোলিডেটেড এডিসন জানিয়েছে, একটি বিদ্যুত্ উপকেন্দ্রে বিস্ফোরণ ঘটলে ম্যানহাটনের নিচু এলাকাগুলো বিদ্যুত্হীন হয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, বন্যার পানির কারণে বা ঝড়ের সময় উড়ন্ত কোনো বস্তুখণ্ডের আঘাতে ওই বিস্ফোরণ ঘটে। শহরের প্রায় পাঁচ লাখ বাড়ি এখন বিদ্যুত্হীন।আরও খবরনিউইয়র্কের স্বায়ত্তশাসিত কুইন্স এলাকায় আগুনে পুড়ে গেছে প্রায় ৫০টি বাড়ি। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের টিচ হাসপাতালের বৈদ্যুতিক গোলযোগ ও জেনারেটর বিকল হওয়ার কারণে ২০০ রোগীকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। আমেরিকার সবচেয়ে পুরোনো পারমাণবিক বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র ওয়েস্টার ক্রিককে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। পারমাণবিক চুল্লি নিয়ন্ত্রণ কমিশন জানিয়েছে, জলসীমা বাড়ার কারণে চুল্লিটি ক্ষতিগ্রস্ত হতে পারে। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের লেনদেন গতকাল সোমবার এবং আজ মঙ্গলবার বন্ধ রাখা ছিল। ১৮৮৮ সালের পর এই প্রথম পর পর দুই দিনের জন্য এক্সচেঞ্জটি বন্ধ রাখা হলো।নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ বলেন, ধারণার চেয়ে বেশি উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হেনেছে। তবে তিনি আশা প্রকাশ করেন, খুব দ্রুত পানি নেমে যাবে। শহরের একটি গগনচুম্বী অট্টালিকার ওপরে আরেক ভবনের ওপরে রাখা ক্রেন ভেঙে পড়লে প্রথম ভবনটির পানি সরবরাহব্যবস্থা ভেঙে পড়ে।প্রেসিডেন্ট ওবামা ম্যাসাচুসেটস, কানেকটিকাট, রোড আইল্যান্ড, নিউইয়র্ক, নিউজার্সি ও পেনিসিলভানিয়ায় জরুরি অবস্থা জারি করেছিলেন। আজ তিনি বলেন, নিউইয়র্ক ও লং দ্বীপের অধিবাসীদের সরকারের পক্ষ থেকে সাহায্য দেওয়া হবে। এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে, হারিকেন স্যান্ডির কারণে যুক্তরাষ্ট্রে প্রায় দুই হাজার কোটি ডলারের ক্ষতি হবে।