নিউইয়র্কে আন্দোলনকারীদের বিরুদ্ধে আদালতের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালত চলমান ‘ওয়াল স্ট্রিট দখল করো’ আন্দোলনকারীদের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার একটি রুল দিয়েছেন। আদালতের রায়ে জুকোটি পার্কে কোনো ধরনের অবকাঠামো স্থাপন নিষিদ্ধ করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। নিউইয়র্ক সুপ্রিম কোর্টের বিচারক মাইকেল স্টিলম্যান ওয়াল স্ট্রিট দখল করো আন্দোলন নিয়ে এই রুল জারি করেন।নিউইয়র্কে গতকাল মঙ্গলবার ভোরে ওয়াল স্ট্রিট দখল করো আন্দোলনকারীদের হটিয়ে দিতে ব্যাপক অভিযান শুরু করে পুলিশ। এর পরিপ্রেক্ষিতে বিক্ষোভকারীরা জুকোটি পার্কে ফিরে আসার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করে।সুপ্রিম কোর্টের আদেশে বলা হয়, মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীতে নাগরিকদের বাক স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে। কিন্তু তাতে বিক্ষোভের অংশ হিসেবে পার্কে অবকাঠামো নির্মাণের অনুমোদন দেওয়া হয়নি।আদালতের এ আদেশের ফলে বিক্ষোভকারীরা পার্কে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারলেও তাঁবু ও ঘুমানোর ব্যাগ স্থাপন করতে পারবে না।সুপ্রিম কোর্টের এ আদেশের পর নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লমবার্গ একটি বিবৃতি দেন। বিবৃতিতে বলা হয়, যতক্ষণ পর্যন্ত জনগণ পার্কের আইন মানবে, ততক্ষণ যে কেউ জুকোটি পার্ক অবস্থান করতে পারবে। সুপ্রিম কোর্টের আদেশের আগে অপর একটি আদালত জুকোটি পার্ক থেকে আন্দোলনকারীদের উচ্ছেদ বন্ধ এবং তাদের শান্তিপূর্ণভাবে সেখানে ফিরে আসতে আদেশ দেন। এরপরই বিক্ষোভকারীরা আবার জুকোটি পার্কে ফিরে আসতে থাকে।এদিকে নিউইয়র্ক পুলিশ কমিশনার রায় কেলি জানিয়েছেন, গতকাল তারা প্রায় ২০০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ১৪২ জন জুকোটি পার্ক এবং ৫০-৬০ জন পার্শ্ববর্তী এলাকা থেকে।নিউইয়র্কের জুকোটি পার্ক ওয়াল স্ট্রিট আন্দোলনের মূল কেন্দ্র। সেখান থেকে আন্দোলনের ঢেউ যুক্তরাষ্ট্রের অন্যান্য নগরেও ছড়িয়ে পড়ে। পরে তা বিশ্বের অন্যান্য দেশের বড় বড় শহরে পুঁজিবাদবিরোধী আন্দোলনে উত্সাহ জোগায়।করপোরেট শোষণ ও ওয়াশিংটনভিত্তিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে ওয়াল স্ট্রিট আন্দোলন শুরু হয়। এর জের ধরে একদল আন্দোলনকারী বেসরকারি জুকোটি পার্কে তাঁবু ফেলে। এর মধ্যে বেশির ভাগই তরুণ। এতে উত্সাহিত হয়ে যুক্তরাষ্ট্রের অন্যান্য নগরের আন্দোলনকারীরাও বিভিন্ন পার্ক ও উদ্যানে তাঁবু ফেলে। সরকারের কিছু কর্তৃপক্ষ আন্দোলনকারীদের এ অবস্থানকে হুমকি হিসেবে দেখছে।