নিউইয়র্কে একই অভিযোগে আরেকজন গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেডারেল ব্যাংক ভবনে হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সান ডিয়েগো থেকে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। দ্বিতীয় হোয়ার্ড উইলি কার্টার নামের এই ব্যক্তির বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। দ্য নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে আজ শুক্রবার রয়টার্সের খবরে এ কথা জানানো হয়। খবরে বলা হয়, ওই ব্যাংক ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) গত বুধবার কাজী মোহাম্মদ রেজওয়ানুল নাফিসকে (২১) গ্রেপ্তার করে। উইলি কার্টার ওই হামলা ষড়যন্ত্রে তাঁর সহযোগী ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। দ্য নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, গত আগস্টে নিজের কম্পিউটারে শিশু পর্নোগ্রাফির হাজার খানেক ছবি রাখেন উইলি কার্টার। এ বিষয়টি ধরে অনুসন্ধান চালাতে গিয়ে তাঁকে গত বুধবারই গ্রেপ্তার করা হয়। কিন্তু তদন্তের স্বার্থে বিষয়টি প্রকাশ করা হয়নি। তাঁর কাছ থেকে জব্দ করা কম্পিউটারের ই-মেইল ঠিকানায় ‘ইয়াকিন’ নামের একটি ঠিকানা পাওয়া গেছে। কর্তৃপক্ষের দাবি, নাফিসের সঙ্গে এই ঠিকানা ব্যবহার করে ই-মেইলে যোগাযোগ করতেন কার্টার। এই যোগসূত্র ধরে উইলি কার্টারের বিরুদ্ধে নিউইয়র্কের ফেডারেল ব্যাংক ভবনে হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। মার্কিন বিচার বিভাগ এক বিবৃতিতে জানায়, গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের চেষ্টা এবং আল-কায়েদাকে প্রয়োজনীয় উপকরণ-সহায়তা দেওয়ার চেষ্টার অভিযোগে নাফিসকে বিচারের মুখোমুখি করা হয়েছে। তিনি দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পেতে পারেন।এফবিআইয়ের কর্মকর্তারা দাবি করেছেন, ৪৫০ কেজি ওজনের বোমা দিয়ে নিউইয়র্কে অবস্থিত ফেডারেল রিজার্ভ ব্যাংক উড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছিলেন নাফিস। তবে নাফিসের কাছে থাকা বিস্ফোরক সক্রিয় অবস্থায় ছিল না। তা ছাড়া গোয়েন্দারা তাঁকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছিলেন। নাফিসের বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগে বলা হয়েছে, তিনি ২০১২ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে এসেছেন। একসময় নাফিস নিউইয়র্কে দাবি করেন, আল-কায়েদার বিদেশি সদস্যদের সঙ্গে তাঁর যোগাযোগ আছে। অভিযোগে আরও বলা হয়, হামলার আরও লক্ষ্যবস্তু ছিল নিউইয়র্কের স্টক এক্সচেঞ্জসহ বেশ কিছু স্থাপনা ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।