নিউইয়র্কে ওয়াল স্ট্রিট বিরোধী ৭০০ কর্মী গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিন সেতু এলাকা থেকে গতকাল শনিবার ওয়াল স্ট্রিট বিরোধী প্রায় সাত শতাধিক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিউইয়র্কের পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। করপোরেট ব্যবসায়ীদের ‘লোভে’র বিরুদ্ধে গত দুই সপ্তাহ ধরে ওয়াল স্ট্রিটে শত শত বিক্ষোভকারী আন্দোলন করে আসছে। গতকাল বিক্ষোভকারীদের একটি বড় দল ম্যানহ্যাটান থেকে ব্রুকলিন সেতু অতিক্রম করার চেষ্টা করে । এ সময় পুলিশ প্রায় সাত শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ বলছে, বারবার সতর্ক করে দেওয়ার পরও বিক্ষোভকারীরা সেতু অতিক্রম এবং সড়ক বন্ধ করে দেওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের একজন মুখপাত্র রয়টার্সকে বলেন, ‘পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের পায়ে চলার পথের মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য বিভিন্নভাবে সতর্ক করে দেওয়া হয়। কিন্তু তারা তা লঙ্ঘন করেছেন।’ বিক্ষোভকারীরা দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের এক শতাংশ সম্পদশালী ব্যক্তির বিপরীতে তারা ৯৯ শতাংশ মানুষের অধিকার রক্ষা করছেন। বিক্ষোভকারীরা বলছেন, সরকার সাধারণ মানুষের স্বার্থ রক্ষা না করে বৃহত্ কর্পোরেট গ্রুপগুলোরই স্বার্থ রক্ষা করছে-এটা ঠিক নয় ।