নিউইয়র্কে গোয়েন্দা ফাঁদে বাংলাদেশি যুবক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বড় ধরনের সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনার অভিযোগে বাংলাদেশি এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় গত বুধবার দুপুরে গ্রেপ্তার হওয়া এই যুবকের নাম কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাসিফ। গণমাধ্যমের খবর ও পুলিশের বর্ণনা অনুযায়ী,গোয়েন্দাদের পাতা ফাঁদে পা দিয়েছেন রেজওয়ানুল। আদালতে দাখিল করা অভিযোগে দাবি করা হয়েছে, রেজওয়ানুল এক হাজার পাউন্ড ওজনের বোমা দিয়ে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক ভবন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। মার্কিন অর্থনীতিতে আঘাত হানা ছিল তাঁর লক্ষ্য।নিউইয়র্ক পুলিশ বলেছে, ২১ বছর বয়সী রেজওয়ানুল গত জানুয়ারিতে ছাত্র ভিসায় যুক্তরাষ্ট্রে পৌঁছান। পুলিশের দাবি, ‘খুব বড়’ হামলা চালানোর জন্য তিনি সমমনা লোক খুঁজছিলেন। বুধবার বিকেলেই রেজওয়ানুলকে ব্রুকলিন আদালতে হাজির করা হয়। সংক্ষিপ্ত শুনানির পর তাঁকে কারাগারে পাঠানো হয়। অপরাধ প্রমাণিত হলে রেজওয়ানুলের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। পুলিশ বলেছে, রেজওয়ানুল ছয় মাস ধরে বাংলাদেশি-বহুল এলাকা কুইন্সের জ্যামাইকার ১৭১ স্ট্রিটে বাস করছিলেন। তবে আশপাশের বাংলাদেশিরা তাঁকে চেনেন না বলে এই প্রতিবেদককে জানান।নিউইয়র্ক পুলিশ বলেছে, রেজওয়ানুল হামলার জন্য যে সহযোগীদের জোগাড় করেন তাঁর একজন ছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) ছদ্মবেশী ইনফরমার বা তথ্যদাতা। পুলিশ আরও দাবি করেছে, বাংলাদেশি এ যুবক যুক্তরাষ্ট্রের শীর্ষ কোনো সরকারি ব্যক্তিকে হত্যার পরিকল্পনাও করেছিলেন। পুলিশ ও এফবিআই বলেছে, সহযোগী হিসেবে সখ্য গড়ে তোলা ছদ্মবেশী গোয়েন্দারা রেজওয়ানুলকে সাজানো ‘বিস্ফোরক’ ও নকল ডেটোনেটর সরবরাহ করেন। বুধবার সকালে ওই ‘বিস্ফোরকসহ’ একটি গাড়ি নিয়ে ছদ্মবেশী সহযোগীসহ রেজওয়ানুল ঘটনাস্থলে উপস্থিত হন। হামলার আগে নিজের বক্তব্যের একটি ভিডিও ধারণ করেন তিনি। এতে বলা হয়, ‘বিজয় অর্জন বা শহীদ হওয়ার আগ পর্যন্ত আমরা থামব না।’ এরপর মুঠোফোন দিয়ে কল করে দূরনিয়ন্ত্রিত ওই বোমার বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেন রেজওয়ানুল। তখনই ওত পেতে থাকা গোয়েন্দারা তাঁকে গ্রেপ্তার করেন। রেজওয়ানুলকে গ্রেপ্তারের পর নিউইয়র্ক নগরের পুলিশপ্রধান রেমন্ড কেলি এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে তিনি ঘটনার বিভিন্ন বিষয় তুলে ধরেন।এ ঘটনা নিয়ে বুধবার দিনভর নিউইয়র্কে ছিল কড়া পুলিশি তৎপরতা। প্রবাসী বাংলাদেশিরা এ ঘটনায় উৎকণ্ঠিত ও হতবাক। গত কয়েক বছরে অন্তত তিনজন বাংলাদেশি গোয়েন্দাদের ফাঁদে আটকা পড়েছেন। সমালোচিত গোয়েন্দা কৌশল: মার্কিন আইন প্রয়োগকারী সংস্থা বিশেষ এক কৌশলে সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের পাকড়াও করছে। রেজওয়ানুলকে এ রকম কৌশলেই গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন গোয়েন্দারা কারও বক্তব্য বা কাজে সন্ত্রাসী কাজে ‘আগ্রহের আভাস’ পেলে তাকে সহমর্মী সেজে সহযোগিতা করেন। এমনকি প্রয়োজনীয় উপকরণও সরবরাহ করেন। ২০০৯ সালে এ রকম একটি আলোচিত ঘটনায় কয়েকজন ব্যক্তি নিউইয়র্কের এক ইহুদি উপাসনালয়ে ‘বোমা’ পাতেন, যা গোয়েন্দারাই সরবরাহ করেছিলেন। চারজনকে দণ্ড দিলেও বিচারক এ কৌশলের সমালোচনা করেছিলেন। তিনি বলেন, ‘সরকার তাদের সন্ত্রাসী বানিয়েছে।’গত বছর মাদার জোন্স এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলির অনুসন্ধানী প্রতিবেদন কর্মসূচির আওতায় এক প্রতিবেদনে বলা হয়েছে, এফবিআইতে ১৫ হাজারের মতো ছদ্মবেশী গোয়েন্দা আছে। সাম্প্রতিক কয়েক বছরে যে শ পাঁচেক সন্ত্রাসবাদের বিচার হয়েছে, তার প্রায় অর্ধেকের ক্ষেত্রে ছদ্মবেশী ইনফরমারদের ব্যবহার করেছে এফবিআই।