নিউইয়র্কে তিন বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি থেকে প্রায় ৪০০ মাইল দূরে নায়াগ্রা জলপ্রপাতের কাছে গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। জলপ্রপাত দেখে ফেরার পথে বাংলাদেশ সময় সোমবার বেলা ১১টার দিকে বাফেলো এলাকার গ্র্যান্ড আইল্যান্ড বুলভার্ডে এ দুর্ঘটনা ঘটে।নিহত তিন বাংলাদেশি হলেন শফিউল আলম (২০), নাজিম খান (২১) ও রেজোয়ান চৌধুরী (২১)। তাঁদের সঙ্গে ওই দুর্ঘটনায় আহত হয়েছেন বোরহানুর বি রহমান নামে বাংলাদেশি আরেক তরুণ।প্রাথমিক তথ্যে জানা গেছে, হতাহতদের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে। নায়াগ্রা জলপ্রপাত দেখার জন্য তাঁরা চারজন মিশিগান থেকে নিউইয়র্কে গিয়েছিলেন। তাঁরা মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক সিটিতে থাকতেন। দুর্ঘটনায় আহত বোরহানুরকে স্থানীয় এরিক কাউন্টি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। নায়াগ্রা জলপ্রপাত দেখে ফেরার পথে গ্র্যান্ড আইল্যান্ড বুলভার্ডে তাঁদের গাড়িটি দুর্ঘটনায় পড়ে। উল্টো দিক থেকে আসা অন্য গাড়িটি নিয়ম ভেঙে মহাসড়কে ভুল দিকে চলছিল। এতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।পুলিশের মতে, ৮৭ বছরের বৃদ্ধ রিচার্ড হিলডেব্রেন্ডি ছিলেন উল্টো দিকের গাড়ির চালক। বয়সের কারণে তিনি না বুঝেই ভোর রাতে হাইওয়েতে ভুল পথে গাড়ি চালাচ্ছিলেন বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনায় আহত রিচার্ডকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সময় তিনি মদ্যপ ছিলেন কি না, পুলিশ তা খতিয়ে দেখছে।যুক্তরাষ্ট্রের বিভিন্ন টিভি চ্যানেল ও সংবাদপত্র খবরটি গুরুত্বের সঙ্গে করে প্রচার করছে।