নিউইয়র্কে প্রধানমন্ত্রী আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি
জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্ক এসেছেন। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জেএফকে বিমানবন্দরের বাইরে জড়ো হয়ে তাঁকে স্বাগত জানান। অন্যদিকে বিএনপির নেতা-কর্মীরা কালো পতাকা প্রদর্শন এবং বিক্ষোভ সমাবেশ করেন।গত রোববার স্থানীয় সময় বেলা সোয়া দুইটার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী জেএফকে বিমানবন্দরে পৌঁছান। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, জাতিসংঘ মিশনে বাংলাদেশের স্থায়ী দূত এম মোমেনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।বিমানবন্দরের বাইরে দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগানে ওই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। কড়া নিরাপত্তায় বিশেষ বহির্গমন পথ দিয়ে প্রধানমন্ত্রী বেলা দুইটা ৪৫ মিনিটে বিমানবন্দর ত্যাগ করেন। বিএনপির বিক্ষোভে নেতৃত্বে দেন আবদুল লতিফ, জিল্লুর রহমান, গিয়াস আহমেদ, মোস্তফা কামাল ও আখতার হোসেন। অন্যদিকে আওয়ামী লীগের কর্মসূচিতে উপস্থিত ছিলেন খালিদ হাসান, সাজ্জাদুর রহমান, সিদ্দিকুর রহমান প্রমুখ।১১ দিনের সফরে যুক্তরাষ্ট্রে আসা প্রধানমন্ত্রী ম্যানহাটনের বিলাসবহুল ওয়াল্ডফ এস্টোরিয়া হোটেলে অবস্থান করছেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকসহ প্রায় ১০০ সদস্যের প্রতিনিধিদল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য দেবেন। গত বছরের মতো এবারও তিনি বাংলায় বক্তব্য দেবেন। ভারত-নেপালে ক্ষয়ক্ষতিতে শোক: বাসসের খবরে বলা হয়, ভারত ও নেপালে ভূমিকম্পে জানমালের ক্ষয়ক্ষতিতে গতকাল সোমবার গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও নেপালের প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাইয়ের কাছে পাঠানো পৃথক শোকবার্তায় শেখ হাসিনা আশা প্রকাশ করেন, প্রতিবেশী দেশ দুটি ভূমিকম্পের ক্ষয়ক্ষতি শিগগিরই কাটিয়ে উঠতে সক্ষম হবে।