নিউইয়র্কে বোমা হামলা চেষ্টার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংক বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে গতকাল বুধবার এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে গতকাল রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।ওই যুবকের নাম কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিস (২১)। তাঁর বিস্তারিত পরিচয় জানানো হয়নি। কর্মকর্তারা দাবি করেছেন, ৪৫০ কেজি ওজনের বোমা দিয়ে নিউইয়র্কে অবস্থিত ফেডারেল রিজার্ভ ব্যাংক উড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছিলেন নাফিস।মার্কিন বিচার বিভাগ এক বিবৃতিতে জানায়, গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের চেষ্টা এবং আল-কায়েদাকে প্রয়োজনীয় উপকরণ-সহায়তা দেওয়ার চেষ্টার অভিযোগে নাফিসকে বিচারের মুখোমুখি করা হয়েছে। তিনি দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পেতে পারেন।এফবিআই বলেছে, আপাতত কোনো বিপদ নেই। কারণ, নাফিসের কাছে থাকা বিস্ফোরক সক্রিয় অবস্থায় ছিল না। তা ছাড়া গোয়েন্দারা তাঁকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছিলেন। একইভাবে চলতি বছর এমন আরও কয়েকটি ঘটনা উদঘাটন করে দেশটির গোয়েন্দারা।হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি বলেছেন, এই গ্রেপ্তারের বিষয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা অবগত আছেন। এফবিআইয়ের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মারি গ্যালিগান বলেন, একটি ঐতিহাসিক ভবন ধ্বংস এবং অনেক নিরীহ মানুষকে হত্যা ও আহত করার এই চেষ্টার পরিণতি হতো পারত অকল্পনীয়। এই চেষ্টা চালানোর অভিযোগ ওঠা ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গ্রেপ্তারের পর নাফিসকে গতকাল ব্রুকলাইনের কেন্দ্রীয় আদালতে প্রাথমিক শুনানির জন্য হাজির করা হয়। এ সময় তিনি একটি টি-শার্ট, গাঢ় রঙের জিনস ও স্নিকারস পরা ছিলেন। শুনানির সময় তিনি খোলামেলাভাবে কথা বলেন।নাফিসের বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগে বলা হয়েছে, তিনি ২০১২ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে এসেছেন। এক সময় নাফিস নিউইয়র্কে দাবি করেন, আল-কায়েদার বিদেশি সদস্যদের সঙ্গে তাঁর যোগাযোগ আছে।নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেন, নাফিস আল-কায়েদার হয়ে কাজ করছেন বা ওই সংগঠনের নির্দেশনায় পরিচালিত হচ্ছেন বলে গোয়েন্দারা কোনো প্রমাণ পাননি। অভিযোগে আরও বলা হয়, হামলার আরও লক্ষ্য বস্তু ছিল নিউইয়র্কের স্টক একচেঞ্জসহ বেশ কিছু স্থাপনা ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।