নিউইয়র্কে হামলায় বাংলাদেশি বৃদ্ধ গুরুতর আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বর্ণবিদ্বেষী হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি বৃদ্ধ। গত শনিবার দুপুরে নগরের ব্রুকলিন এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আলহাজ মোহাম্মদ কামালউদ্দিন আহমেদ (৬০) গুরুতর আহত হন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। শনিবার দুপুরে কাজে যাওয়ার সময় ওয়াটান এভিনিউয়ে কামালউদ্দিনের ওপর চারজন দুষ্কৃতকারীর একটি দল আচমকা হামলা চালায়। ‘হিট মুসলিম’, এ শব্দ দুটো চিৎকার করে বলতে বলতে দলটি টুপি পরিহিত ও শ্মশ্রুমণ্ডিত কামালউদ্দিনকে কিল-ঘুষি-লাথি মেরে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে যায়। হামলার সময় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকেন দীর্ঘকাল ধরে নিউইয়র্ক-প্রবাসী এই বৃদ্ধ। মুমূর্ষু অবস্থায় পুলিশ তাঁকে দ্রুত স্থানীয় ব্রুকডেল হাসপাতালে নিয়ে যায়। মাথা ও শরীরে গুরুতর আঘাতের কারণে তাঁকে ইনটেনসিভ কেয়ারে রাখা হয়েছে।হামলার খবর শুনে নিউইয়র্কের বাংলাদেশিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। কামালউদ্দিনের আদি নিবাস সন্দ্বীপ উপজেলায়। সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনে তিনি ছিলেন ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী। ঘটনার পর ব্রুকলিনে বাংলাদেশি কমিউনিটির নেতা আবুল হাশেম জানিয়েছেন, দাড়ি-টুপি দেখেই দুষ্কৃতকারীরা হামলা চালানোয় এবং হামলার পর পুলিশের নিষ্ক্রিয়তায় বাংলাদেশিরা ক্ষুব্ধ। এই মুসলিমবিদ্বেষী হামলা যারা চালিয়েছে, তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি উঠেছে। কামালউদ্দিনের মেয়ে জেসমিন জানান, হাসপাতালে নেওয়ার পর জ্ঞান ফিরলে কামালউদ্দিন বলেন, মুসলিমবিদ্বেষীরাই তাঁর ওপর হামলা চালায়। ইতিমধ্যে বাংলাদেশি কমিউনিটির নেতারা স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। নিউইয়র্কের স্থানীয় সংবাদমাধ্যমেও এ হামলাকে ‘বর্ণবিদ্বেষী’ বলে আখ্যা দেওয়া হয়।