নিউইয়র্কে হেলিকপ্টার দুর্ঘটনা, একজনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। পানিতে ডুবে যাওয়া হেলিকপ্টারের পাইলটসহ চারজনের জীবন রক্ষা পেয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নিউইয়র্ক নগরের কেন্দ্রস্থলে ইস্ট রিভারে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, ম্যানহাটনের পূর্বদিকে ৩৪ স্ট্রিট-সংলগ্ন হেলিপ্যাড থেকে উড্ডয়নের পরপরই হেলিকপ্টারটি নদীতে ভূপাতিত হয়। উল্টে যাওয়া হেলিকপ্টার পানিতে ডুবে যাওয়ার আগে পাইলটসহ চারজন বেরিয়ে আসেন। তাঁরা ডুবন্ত হেলিকপ্টার ধরে ভাসতে থাকেন।জরুরি বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পাইলট পল ডাডলিসহ চারজনকে জরুরি বিভাগের হেলিকপ্টার দ্রুত উদ্ধার করতে সক্ষম হয়। ডুবন্ত হেলিকপ্টারে ভেতরে আটকেপড়া যাত্রী মারিয়া নিকলসনকে (৪০) দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পাইলটসহ অন্য তিনজনকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানানো হয়েছে। পাইলট পল ডাডলি পার্শ্ববর্তী রাজ্য নিউজার্সির বাসিন্দা। পর্তুগাল ও অস্ট্রেলিয়া থেকে আসা তাঁর পারিবারিক বন্ধুদের নিয়ে তিনি হেলিকপ্টার চালাচ্ছিলেন।দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। বেল ২০৬ নামের অত্যাধুনিক হেলিকপ্টারে হঠাত্ কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল কি না, তা খুঁজে বের করা হচ্ছে। পাইলট কোনো ভুল করেছিলেন কি না—তদন্তের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এর আগে ১৯৯০ সালে একবার এবং ২০০৫ সালে এক সপ্তাহে দুবার ইস্ট রিভারে হেলিকপ্টার পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সৌভাগ্যক্রমে পাইলট ও যাত্রীরা বেঁচে গেলেও ২০০৯ সালে নিউইয়র্কে হেলিকপ্টার ও ছোট যাত্রীবাহী বিমানের সংঘর্ষে নয় জন মারা গিয়েছিলেন।