নিউইয়র্কে ২৬ মার্চ ‘বাংলাদেশ ডে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার স্বাধীনতার মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের আরেকটি বিজয় অর্জিত হয়েছে। দেশটির নিউইয়র্ক অঙ্গরাজ্য এখন থেকে বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চকে ‘বাংলাদেশ ডে’ হিসেবে পালন করবে। গত ৩০ মার্চ শুক্রবার অঙ্গরাজ্যটির সিনেটে এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে।শুক্রবার সকালে সিনেটের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশ ডে বিল উপস্থাপন করেন ডেমোক্রেটিক পার্টির নেতা অ্যাটর্নি লুইস সেপালভেদা। উপস্থাপনের ২০ মিনিটের মধ্যে বিলটি পাস হয়। বাংলাদেশ ডে বিলের প্রতি সমর্থন জানিয়ে বাংলাদেশের স্বাধীনতার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে সিনেটে বক্তৃতা করেন সিনেটর রবিন দিয়াজ। দিয়াজ বলেন, লাখ লাখ বাংলাদেশি তাঁদের দেশের স্বাধীনতার জন্য আত্মদান করেছেন। পৃথিবীর মুক্তিকামী মানুষের জন্য এটা অনুকরণীয়। তাই নিউইয়র্ক স্টেট সিনেট ২৬ মার্চকে স্মরণীয় করে রাখতে দিনটিকে বাংলাদেশ ডে হিসেবে ঘোষণা করতে পারে। তাঁর বক্তব্যকে সবাই হাত তুলে সমর্থন জানালে তা সর্বসম্মতিক্রমে পাস হয়। নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী এবং কমিউনিটি সংগঠক জাকির খানসহ বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি সিনেটের এ অধিবেশনে যোগ দেন। বাংলাদেশ ডে বিল পাস হওয়ায় উপস্থিত বাংলাদেশিরা উল্লাস প্রকাশ করেন। সিনেটে বক্তারা বলেন, বাংলাদেশিরা কর্মঠ অভিবাসী হিসেবে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে পরিচিতি লাভ করেছেন।