নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৭তম অধিবেশনে যোগ দিতে নয়দিনের সরকারি সফরে আজ শনিবার রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী আমিরাত এয়ারলাইনসের একটি ফ্লাইট রাত পৌনে ১০ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, ভূমি মন্ত্রী রেজাউল করিম হীরা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান, চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ, আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লি¬উ মজিনা, মন্ত্রীপরিষদ সচিব, তিন বাহিনী প্রধানগণ, পদস্থ সরকারি কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।প্রধানমন্ত্রী আগামীকাল রোববার নিউইয়র্কের স্থানীয় সময় সকাল সোয়া ৮টার দিকে জন এফ কেনেডি (ডিএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। নিউইয়র্ক যাওয়ার পথে প্রধানমন্ত্রী দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে দু’ঘন্টার যাত্রাবিরতি করবেন।যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবদুল মোমেন বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন।জন এফ কেনেডি বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে নিয়ে যাওয়া হবে। সফরকালে তিনি এ হোটেলেই অবস্থান করবেন।প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব শেখ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ও পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস।এ ছাড়া এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদের নেতৃত্বে ২৬ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন।প্রধানমন্ত্রী আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।সফরকালে শেখ হাসিনা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফার্স্ট লেডি মিশেল ওবামা ও জাতিসংঘ মহাসচিব বান কি মুন আয়োজিত বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক ও সংবর্ধনা সভায়ও যোগদান করবেন।তিনি নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা সভায় যোগদান করবেন। প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর রুজভেল্ট হাউজে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা আয়োজিত অটিজম বিষয়ক এক বৈঠকেও যোগদান করবেন।প্রধানমন্ত্রী ৩০ সেপ্টেম্বর দেশের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন। ২ অক্টোবর সকালে তিনি ঢাকায় পৌঁছবেন।