নিউইয়র্কের কুখ্যাত কারাগারে আইএমএফ প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন নির্যাতনের অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান দমিনিক স্ত্রস কানের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। এরপর গতকাল সোমবার তাঁকে নিউইয়র্কের কুখ্যাত রিকার্স দ্বীপের কারাগারে পাঠানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে। গতকাল নিউইয়র্কের আদালতে কানের আইনজীবীরা তাঁর জামিন প্রার্থনা করেন। আদালত এ আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে আদালত আগামী শুক্রবার তাঁর পরবর্তী হাজিরার দিন ধার্য করেন।আদালতের এই আদেশের পর ম্যানহাটন অপরাধ আদালতের আটককেন্দ্র থেকে কানকে রিকার্স দ্বীপের ওই কারাগারে স্থানান্তর করা হয়। খারাপ ব্যবস্থাপনা, শব্দদূষণ, কয়েদিদের প্রতি নির্দয় আচরণ প্রভৃতি কারণে রিকার্স দ্বীপের কারাগারটির ব্যাপক কুখ্যাতি রয়েছে। সেখানকার সুরক্ষিত সেলে দমিনিক স্ত্রস কানকে রাখা হয়েছে।এক মার্কিন আইন কর্মকতা বলেছেন, কারাগারটি কয়েদিতে ভরপুর এবং এর খাদ্যব্যবস্থা খুবই খারাপ। তবে সবচেয়ে ভয়ংকর দিক হলো, সেখানে খ্যাতিমান ব্যক্তিরা নির্দয় আচরণের শিকার হন। বিবিসি অনলাইনের খবরে জানানো হয়েছে, কানের বিরুদ্ধে সাতটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। গত শনিবার এক নারী হোটেল-কর্মীকে ধর্ষণের অপচেষ্টার অভিযোগে কানকে নিউইয়র্ক পুলিশ জন এফ কেনেডি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে।