নিউইয়র্কের তিনটি বিমানবন্দরে বিমান অবতরণ বন্ধ হচ্ছে আজ
ঘূর্ণিঝড় আইরিনের কারণে নিউইয়র্ক অঞ্চলের তিনটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে আজ শনিবার দুপুর থেকে বিমান অবতরণ বন্ধ হচ্ছে। নিউজার্সি ও নিউইয়র্কের বিমানবন্দর কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।বিমান অবতরণ বন্ধ-ঘোষিত বিমানবন্দরগুলো হলো নিউইয়র্কের জন এফ কেনেডি ও লা গার্ডিয়া এবং নিউজার্সির নিওয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর। কর্তৃপক্ষ জানায়, আজ স্থানীয় সময় দুপুর থেকে (গ্রিনিচ মান সময় ১৬টা) ওই বিমানবন্দরগুলোতে দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইটের অবতরণ বন্ধ থাকবে। তবে এসব বিমানবন্দর থেকে বিমান উড্ডয়ন অব্যাহত থাকবে।আইরিনের কারণে মার্কিন বিমান সংস্থাগুলো নিউইয়র্ক অঞ্চলে তাদের সাপ্তাহিক ছুটির দিনের অধিকাংশ ফ্লাইট বাতিলের প্রক্রিয়া শুরু করেছে।গত বৃহস্পতিবার বাহামায় আঘাত হানে আইরিন। এটি এখন প্রচণ্ড বেগে ধেয়ে আসছে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের দিকে।যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা থেকে নিউইয়র্ক পর্যন্ত এলাকায় ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে সতর্ক করা হয়েছে। এ জন্য ছয়টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করে নিম্নাঞ্চলের লোকজনকে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পূর্বাভাসে বলা হয়, স্থানীয় সময় আজ শনিবার বিকেল থেকে কাল রোববার পর্যন্ত নিউইয়র্ক ও নিউজার্সি এলাকায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব থাকতে পারে। রয়টার্স।