নিউইয়র্কের স্বাস্থ্য ফেরাবেন ফার্লে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিনিযুক্ত পানীয় বিক্রি ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা, হাসপাতাল কর্তৃপক্ষকে নতুন মায়েদের তাঁদের সন্তানকে বুকের দুধ পানের জন্য প্রচারণায় চাপ দেওয়া, বুকের দুধের বিকল্পগুলো যেন সহজলভ্য না হয়—এ বিষয়গুলো নিয়ে রীতিমতো যুদ্ধে নেমেছেন নিউইয়র্ক শহরের স্বাস্থ্য বিভাগের প্রধান কর্মকর্তা টমাস ফার্লে।সমালোচকেরা কেউ কেউ তাঁকে গোঁড়া, সনাতনপন্থী এমনকি খ্যাপাটে বলে মন্তব্য করেছেন বটে! কিন্তু নিউইয়র্ক শহরের বর্তমান হেলথ কমিশনার বা প্রধান স্বাস্থ্য কর্মকর্তা টমাস ফার্লের গায়ে এসব সমালোচনার তির আদৌ বিঁধতে পারছে না। পেশায় শিশুরোগ বিশেষজ্ঞ ফার্লের দাবি, যাঁরা তাঁর সমালোচনা করছেন, তাঁরা ভুল করছেন। কারণ, তিনি নিউইয়র্ক শহরকে বদলে দিতে যে পদক্ষেপ নিয়েছেন, তা শহরবাসীর জন্য যথেষ্ট কাজ করছে। কী কী পদক্ষেপ নিয়েছেন নিউইয়র্ক শহরের এই স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা?বার্তা সংস্থা রয়টার্সকে টমাস ফার্লে জানিয়েছেন, নিউইয়র্ক শহরের বাসিন্দারা যাতে ভালো খাবার খেতে পারে, কম ধূমপান করে এবং বেশি ব্যায়াম করার সুযোগ পায় তার জন্য তিনি এরই মধ্যে যে পদক্ষেপগুলো নিয়েছেন তাতে যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরের তুলনায় নিউইয়র্কের বাসিন্দাদের গড় আয়ু বেড়েছে। তাঁর নেওয়া দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের একটি হচ্ছে, যেসব স্থানে চিনিযুক্ত পানীয় বিক্রি হয়, সেখানে কঠোর বিধিনিষেধ আরোপ করা। দ্বিতীয় পদক্ষেপটি হচ্ছে, শিশুদের মায়ের দুধ পানের পক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ প্রচারণা চালাবে এবং মায়ের দুধের বিকল্পগুলো নতুন মায়েদের কাছে সরবরাহ করবে না।এই দুটি পদক্ষেপের কার্যকারিতা প্রসঙ্গে ফার্লে জানিয়েছেন, ‘কোনো নতুন বিষয় প্রচলন করতে গেলে সমালোচনার মুখে পড়তেই হয়। আর এটা যেহেতু নিউইয়র্ক, আমরা এখানে সমালোচনা করতে পছন্দই করি।’নিউইয়র্কের হেলথ বোর্ড বা স্বাস্থ্য পরিষদ ফার্লের গৃহীত চিনিযুক্ত পানীয় বিক্রির ওপর বিধিনিষেধ আরোপের পদক্ষেপটি অনুমোদন দিতে যাচ্ছে।ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতার টমাস ফার্লের বয়স পঞ্চাশের কাছাকাছি। প্রতিদিন সকালে তিনি চার মাইল দৌড়ান, ১০ মাইল সাইকেল চালান বা সাঁতার কাটার মতো পরিশ্রম করেন তিনি। হেভার ফোর্ড কলেজের স্নাতক ফার্লে তুলেন বিশ্ববিদ্যালয় থেকে তাঁর মেডিকেল ডিগ্রি সম্পন্ন করেছেন। এরপর তিনি ১১ বছর লুইজিয়ানার পাবলিক হেলথ অফিসে চাকরি করেন।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০০৯ সালে নিউইয়র্কের হেলথ কমিশনার হিসেবে যোগ দেন ফার্লে। ছয় হাজার কর্মী আর ১০৬ কোটি ডলার বাজেটের একটি সংস্থার প্রধান হিসেবে তাঁকে যে দায়িত্ব পালন করতে হচ্ছে, তাতে তাঁকে বিশ্বের প্রথম ‘পাবলিক হেলথ মেয়র’ বলা হচ্ছে।দায়িত্ব নেওয়ার পর ফার্লে যেসব কাজে উল্লেখযোগ্য উন্নতি করেছেন, তার মধ্যে রয়েছে: প্রকাশ্যে ধূমপান বন্ধ করা, খাবারে লবণের পরিমাণ কমানো এবং খাবারে ক্যালোরির পরিমাণ উল্লেখ করার বিষয়টি বাধ্যতামূলক করা, দোকানে ‘জাঙ্ক’ ফুড চোখের আড়ালে রাখাসহ রাস্তায় সাইকেল চালানোর উপযোগী পরিবেশ ফিরিয়ে আনা। ফার্লের নেওয়া অনেক পদক্ষেপ এখন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বড় বড় শহরে বাস্তবায়িত হতে দেখা যাচ্ছে। তবে এ ক্ষেত্রে সমালোচনা করছে রেস্তোরাঁ আর পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। এসব সমালোচনা দূরে ঠেলে ফার্লে জানিয়েছেন, ‘আমরা স্বাস্থ্যকর একটি পরিবেশ সৃষ্টি করছি, যা মানুষকে স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ছাড়াই স্বাধীনভাবে নিজের কাজে ব্যস্ত রাখবে।’ তবে সমালোচকেরা বলছেন, অধিকাংশ সময়ই প্রশাসকেরা ধরে নেন যে তাঁরা যা ভালো বোঝেন তা-ই জনগণের জন্য ভালো হবে; এরপর সে বিষয়টি জনগণের ওপর ভুলভাবে চাপিয়ে দিতেও তাঁরা বিন্দুমাত্র দ্বিধা করেন না।