নিউজপ্রিন্ট আমদানি শুল্ক কমানোর আহ্বান নোয়াবের
আন্তর্জাতিক বাজারে নিউজপ্রিন্টের দাম আবার বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব)। নোয়াব নেতারা জানান, গত এক বছরে প্রতি টন নিউজপ্রিন্টের দাম ১৫০ ডলার বৃদ্ধি পেয়েছে। দামের এই ঊর্ধ্বগতির কথা বিবেচনা করে নিউজপ্রিন্ট আমদানি শুল্ক তিন শতাংশ থেকে কমিয়ে শূন্য শতাংশ করার আহ্বান জানান তাঁরা। শনিবার নোয়াব সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেতারা বলেন, বাংলাদেশের সংবাদপত্র শিল্প এমনিতেই বহুমুখী সংকটের মধ্যে রয়েছে। বর্তমানে সংবাদপত্রগুলোকে নিউজপ্রিন্ট আমদানির জন্য তিন শতাংশ হারে শুল্ক দিতে হয়। এ ছাড়া ভ্যাট ও অন্যান্য কর মিলে আরও ১৬ শতাংশ অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হয়। তত্ত্বাবধায়ক সরকারের আমলে শুল্ক হার শূন্য শতাংশ করা হয়েছিল উল্লেখ করে নোয়াব নেতারা বলেন, গত বছর নোয়াব নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি আন্তর্জাতিক বাজারে নিউজপ্রিন্টের দাম বাড়লে শুল্ক কমানোর বিষয়টি বিবেচনা করবেন বলে আশ্বাস দিয়েছিলেন। আন্তর্জাতিক বাজারে নিউজপ্রিন্টের দামের ঊর্ধ্বগতির কথা বিবেচনা করে আমদানি শুল্ক শূন্য শতাংশ করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান নোয়াব নেতারা। একই সঙ্গে সংবাদপত্র শিল্পের সংকট উত্তরণের জন্য সরকারি হিসাব অনুযায়ী পত্রিকার প্রচারসংখ্যা অনুপাতে নিউজপ্রিন্ট আমদানির কোটা পদ্ধতি অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। পুরান ঢাকায় স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানিতে নোয়াব গভীর শোক প্রকাশ করে। নিহত ব্যক্তিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং ক্ষতিগ্রস্ত পরিবাগুলোর প্রতি সমবেদনা জানায়।সভায় সাম্প্রতিক সময়ে আমার দেশ পত্রিকা বন্ধের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়, এতে সরকারের ভাবমূর্তিই ক্ষুণ্ন হয়েছে। আমার দেশ-এর প্রকাশনা অব্যাহত রাখার অনুমোদন দিতে সরকারের কাছে আহ্বান জানান নোয়াব নেতারা। এ ছাড়া সভায় নোয়াবের বিভিন্ন কার্যক্রম নিয়ে মূল্যায়ন ও পর্যালোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন রিয়াজউদ্দিন আহমেদ, মাহফুজ আনাম, এ কে আজাদ, মোয়াজ্জেম হোসেন, মতিউর রহমান চৌধুরী, মোজাম্মেল হক ও মতিউর রহমান। বিজ্ঞপ্তি।