নিউজপ্রিন্ট আমদানিতে রেয়াতি সুবিধা উঠিয়ে না দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজপ্রিন্ট আমদানিতে রেয়াতি সুবিধা উঠিয়ে না দেওয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রাম থেকে প্রকাশিত সংবাদপত্রের সম্পাদকেরা। একই সঙ্গে প্লেটের শুল্কহার আগের মতো বহাল রাখার দাবি জানান তাঁরা। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণ পত্রিকার সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী, সুপ্রভাত বাংলাদেশ-এর সম্পাদক রুশো মাহমুদ ও দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ-এর সম্পাদক সৈয়দ উমর ফারুক। এ সময় দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ও সাংসদ মঈন উদ্দীন খান বাদল উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে সম্পাদকদের আশ্বাস দেন। সম্পাদকেরা মন্ত্রীকে বলেন, নিউজপ্রিন্ট ও প্লেটের ওপর শুল্ক বাড়ানো হলে গভীর সংকটে পড়বে সংবাদপত্রশিল্প। বিশেষ করে মফস্বলের সংবাদপত্রগুলোর অস্তিত্ব রক্ষা কঠিন হয়ে পড়বে। প্রসঙ্গত, প্রস্তাবিত বাজেটে নিউজপ্রিন্ট আমদানিতে ৩ শতাংশের শুল্ক ২৫ শতাংশ এবং ছাপাখানার প্লেটের ওপর আমদানি শুল্ক ৩ শতাংশ থেকে ১২ শতাংশে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে শুল্ক ছাড়াই নিউজপ্রিন্ট আমদানি করা যেত। সম্পাদকেরা তথ্যমন্ত্রীকে বলেন, ‘যেখানে শূন্য শুল্কে নিউজপ্রিন্ট আমদানির সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছি আমরা, সেখানে একলাফে ২৫ শতাংশ শুল্ক প্রস্তাব বিস্ময়কর। নতুন শুল্কহার আরোপিত হলে নিউজপ্রিন্ট আমদানিতে ভ্যাট, শুল্ক, কর, বিমাসহ আনুষঙ্গিক খাত মিলিয়ে করভার দাঁড়াবে প্রায় ৫৮ শতাংশ।’ তাঁরা বলেন, এমনিতে সংবাদপত্রের প্রকাশনা খরচ অত্যধিক বেড়ে গেছে। দেশে উৎপাদিত নিউজপ্রিন্টের গুণগত মান ও সরবরাহ প্রক্রিয়াও আশানুরূপ নয়।