এশিয়ার একসময়ের বৃহত্তম নিউজপ্রিন্ট মিলটি আট বছর ধরে বন্ধ। মিলের সর্বত্রই জরাজীর্ণ অবস্থা। প্রশাসনিক দপ্তরের সামনে একটি ভাঙা গাড়ি পড়ে আছে। মূল ভবনের বেশির ভাগ কক্ষই ব্যবহারের অনুপযোগী ও পুরোনো রেকর্ডপত্রে ভরা। মিল এলাকায় এখন সচলতা বলতে কেবল র্যাব-৬-এর সদর দপ্তর। এ রকমই করুণ অবস্থা শিল্পশহর খালিশপুরের অন্য মিলগুলোর। পঞ্চাশের দশকে প্রতিষ্ঠিত হয়েছিল পিপলস জুট মিল, ক্রিসেন্ট জুট মিল, প্লাটিনাম জুবিলী জুট মিল ও দৌলতপুর জুট মিল। এসব পাটকলে যে-সংখ্যক তাঁত আছে, তার সিংহভাগই বন্ধ।সরেজমিনে গিয়ে দেখা যায়, খুলনা হার্ডবোর্ড মিল সীমিত আকারে চালু আছে। যেসব কাঠ দিয়ে হার্ডবোর্ড তৈরি হয়, তার মান তেমন ভালো নয়। অথচ একসময় এ মিলের উত্পাদিত ‘সানবোর্ড’-এর ছিল উন্নত বাণিজ্যিক নাম (ব্র্যান্ড নেম)। এ হার্ডবোর্ড বিদেশেও রপ্তানি হতো। ১৯৬৬ সালে চালু হওয়া মিলটি ২০০২ সাল পর্যন্ত যন্ত্রপাতির কোনো প্রকার সংস্কার বা আধুনিকীকরণ ছাড়াই চলেছে। ২০০২ সালে দাতাদের পরামর্শে ‘পে-অফ’ (পাওনা পরিশোধ) করে মিলটি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু দেশের ভেতরে নানা মহলের চাপে ২০০৫ সালে ৪০ বছরের পুরোনো যন্ত্রপাতি নিয়ে আবারও চালু হয় মিলটি। গত ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে গিয়ে মিলটির উৎপাদন কার্যক্রম চালু অবস্থায় পাওয়া যায়। তবে মূল কারখানা ভবন থেকে শুরু করে শ্রমিক-কর্মচারীদের থাকার আবাসিক ভবনসহ সবকিছুর অবস্থাই করুণ।খুলনা নিউজপ্রিন্ট ও হার্ডবোর্ড মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দুটি মিলকেই ভালো অবস্থায় ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের সদিচ্ছা আছে।’ হার্ডবোর্ড মিলটির আধুনিকায়নের জন্য ইতিমধ্যে ৬৮ কোটি টাকার একটি প্রস্তাব তৈরি করে পেশ করা হয়েছে। নিউজপ্রিন্ট মিলটিও আধুনিকায়ন করে আবার চালু করার নানা কারিগরি দিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে জানান তিনি। খুলনা হার্ডবোর্ড মিলের পাশেই দৌলতপুর জুট মিল দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে আছে। ১৯৫৫ সালে ২৫০টি তাঁত নিয়ে এর যাত্রা শুরু, স্বাধীনতার পর এর মালিক হয় সরকার। ২০০২ সালে এটি বন্ধ হয়ে যায়। সরেজমিনে গিয়ে দেখা গেছে, যন্ত্রপাতি, ভবন—সবই জরাজীর্ণ। ভবনগুলোর পলেস্তারা খসে পড়েছে, জানালাও নেই কোনো কোনো ভবনের। আদমজী বন্ধ হয়ে যাওয়ার পর এখন দেশের সবচেয়ে বড় পাটকল ক্রিসেন্ট জুট মিল। স্বাধীনতার আগে পাকিস্তান শিল্প উন্নয়ন সংস্থা ও লন্ডনের মেসার্স র্যালি ব্রাদার্সের সহযোগিতায় মিলটি প্রতিষ্ঠিত হয়। ১৯৫২ সালে মিলটির পরিকল্পনা নেওয়া হয় এবং একই বছরেই নির্মাণকাজ শুরু হয়। এক নম্বর মিলের কাজ শেষ হয় ১৯৫৪ সালে। পরবর্তীকালে স্বাধীনতার আগে আরও দুটি ইউনিট বাড়ানো হয়। আশির দশকে সর্বশেষ মিলটি তিন পালায় (শিফটে) চলেছে। এর পরের চিত্র সবই হতাশাজনক। সরকারি দলিলেই পাওয়া গেছে, ১৯৬৯-৭০ সালের তুলনায় ১৯৮৫-৮৬ সালে উৎপাদনের পরিমাণ ৩৬ শতাংশ কম। এ ক্রমাবনতির ধারা দুই দশক অব্যাহত ছিল। ২০০৪-০৫ সালে মূলধনের অভাবে পাট কিনতে না পেরে প্রায় এক বছরের মতো মিলটি বন্ধ করে রাখা হয়। এর পর চালু হলেও মিলটি কখনোই আর সক্ষমতা অনুযায়ী চলতে পারেনি।ক্রিসেন্ট জুট মিলের হিসাব ও অর্থ বিভাগের প্রধান খুরশীদ আলম জাহাঙ্গীর বলেন, শ্রমিকদের বকেয়া মজুরি ও বোনাস পাওনা থাকায় মিলটিতে দীর্ঘদিন কাজের কোনো পরিবেশ ছিল না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পাট কিনতে আর্থিক সহায়তা এবং শ্রমিক-কর্মচারীদের বকেয়া মজুরি পরিশোধ করায় কাজের পরিবেশে উন্নতি ঘটেছে। বর্তমানে ক্রিসেন্ট জুট মিলের পণ্য জাপান, অস্ট্রেলিয়া, আফ্রিকার সুদান ও মিসরে যাচ্ছে। তবে তিনি বলেন, তাঁর জানামতে, ১৯৫২ সালে মিলটি চালু হওয়ার পরে আর নবায়ন বা আধুুনিকায়ন হয়নি।খালিশপুর শিল্পশহরে দ্বিতীয় বৃহত্তম পাটকল পিপলস জুট মিল। ২০০৭ সালের ৩১ জুলাই মিলের গেটে মিল বন্ধের বিজ্ঞপ্তি টাঙিয়ে দেওয়া হয়েছিল। মিল বন্ধের কারণ হিসেবে শ্রমিক পরিস্থিতি, কাঁচা পাটের অভাব, তীব্র অর্থসংকট, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহকে দায়ী করা হয়। তবে অন্য কারণগুলো মিলগুলোর লোকসানে বড় ভূমিকা রাখলেও এ সময় শ্রমিক অসন্তোষ ও সিবিএর দৌরাত্ম্যকে বড় কারণ হিসেবে সরকারের পক্ষ থেকে বহুবার বলা হয়েছে। এসব নিয়ে কথা হয় খালিশপুর এলাকার সিবিএ নেতাদের সঙ্গে। তাঁরা বলছেন, মিলগুলোর লোকসানের পেছনে সিবিএ ও শ্রমিকদের দায়ী করার তথ্যটি সম্পূর্ণ ভুল। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার পিপলস জুট মিল বন্ধ করে দেওয়ার সময় মন্ত্রণালয় থেকে লোকসানের কারণ খতিয়ে দেখা হয়েছিল। তাদের হিসাবেই ওই বছর সারা দেশের পাটকলগুলো মোট ৪২১ কোটি টাকা লোকসান দেয়। এর মধ্যে ১৪০ কোটি টাকার লোকসান দেখানো হয় যথাসময়ে পাট কিনতে টাকা না পাওয়ার কারণে। ১৩০ কোটি টাকা লোকসান দেখানো হয় বিদ্যুৎ না থাকা ও অনুৎপাদনশীল খাতে ব্যয়ের জন্য। আর মোট লোকসানের মাত্র ৩০ কোটি টাকা ক্ষতি দেখানো হয়েছে শ্রমিক আন্দোলনের কারণে। খালিশপুরের ক্রিসেন্ট জুট মিলের সিবিএর সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, ৫০ বছরের পুরোনো মিলগুলোয় সরকার কখনোই বিনিয়োগ করেনি। এই পুরোনো যন্ত্রপাতি দিয়ে সরকার শুধু আয় করতে চেয়েছে। বলা হয়, শ্রমিকদের কারণে লোকসান হয়, কিন্তু সরকারের নিজের তথ্যই প্রমাণ করে দেয়, এ অভিযোগ সত্য নয়। তিনি বলেন, ‘মিলগুলোর জন্য সরকার আন্তরিক ছিল না।’ শিল্পশহর খালিশপুরের এ বিবর্ণ চিত্রের মধ্যেও আশা জাগানোর কিছু বাস্তবতাও তৈরি হয়েছে। হার্ডবোর্ড ও নিউজপ্রিন্ট—দুটো মিলেই নতুন করে বিনিয়োগ পরিকল্পনা করছে সরকার। আন্তর্জাতিক বাজারে পাটজাত পণ্যের দাম বেড়ে যাওয়ায় চালু থাকা পাটকলগুলোকে পূর্ণোদ্যমে এবং বন্ধ থাকা মিলগুলো আবারও চালু করার সিদ্ধান্ত নিয়েছে। জেলার তৃতীয় বৃহত্তম পাটকল প্লাটিনাম জুবিলী জুট মিলের প্রকল্প পরিচালক ও মিল-ব্যবস্থাপক আলমগীর মল্লিক বলেন, আগের তুলনায় প্লাটিনাম জুবিলী ভালো বিদ্যুত্ সরবরাহ পাচ্ছে। বর্তমানে দুই পালায় কাজ চলছে। এ বছরের লক্ষ্যমাত্রার ৭০ শতাংশ পাট কেনা হয়েছে বলেও জানান তিনি।