নিউজপ্রিন্টের ওপর শুল্ক আরোপ অযৌক্তিক: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজপ্রিন্টের ওপর আমদানি শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব ‘অযৌক্তিক’ উল্লেখ করে তা প্রত্যাহার করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেছেন, ‘নিউজপ্রিন্টের ওপর শুল্কারোপ নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা এসেছে। এ সমালোচনা যথেষ্ট যৌক্তিক।’আজ রোববার বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি লাউঞ্জে ‘বাংলাদেশ ফটোজার্নালিস্ট ইউনিটি’র নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।প্রস্তাবিত ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে নিউজপ্রিন্টের ওপর বিদ্যমান ৩ শতাংশ আমদানি শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার ঘোষণা দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রীর উদ্দেশে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, গণতন্ত্র আর সাংবাদিকতা একে অপরের ওপর নির্ভরশীল। একে অন্যকে ছাড়া চলতে পারে না। অতএব আলোচনার মাধ্যমে এর সমাধান করা উচিত।‘বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পা দেয়নি’ বিএনপির নেতা রফিকুল ইসলাম মিয়ার এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত বলেন, বিএনপি নিজেদের ফাঁদেই পা দিয়েছে। নিজেরাই প্রস্তাব দিয়েছে। আবার নিজেরাই প্রত্যাহার করেছে। আর এখন আওয়ামী লীগকে দোষারোপ করছে। অকারণে ভিত্তিহীনভাবে কাউকে দোষারোপ করা ঠিক নয়।