নিউজিল্যান্ডে ভূমিকম্পে নিহত ৬৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম নগর ক্রাইস্টচার্চে ছয় দশমিক তিন তীব্রতার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৬৫ জন নিহত হয়েছে। বিবিসি অনলাইনের খবরে দেশটির পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, সেখানে আরো হতাহতসহ ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, গতকাল সোমবার রাত ১২টা ৫১ মিনিটে ক্রাইস্টচার্চের দক্ষিণ-পশ্চিমে ভূ-পৃষ্ঠ থেকে মাত্র চার কিলোমিটার গভীরে ওই ভূমিকম্প আঘাত হানে।নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় আজ মঙ্গলবার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন। দুর্গত এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। উদ্ধার অভিযানে সহযোগিতা করতে সেনাবাহিনীকে তলব করা হয়েছে। দুর্গত এলাকায় প্রধানমন্ত্রী পরিদর্শনের যাওয়ার কথা রয়েছে। লিউজিল্যান্ডের স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, ক্রাইস্টচার্চ শহরের কেন্দ্রস্থলে বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, এসব ভবনে অসংখ্য মানুষ আটকা পড়ে আছে। অনেক মানুষ বাড়িঘর হারিয়ে রাস্তায় অবস্থান করছে। অগ্নিনির্বাপক কর্মীরা জানিয়েছেন, বিধ্বস্ত ভবনগুলোতে অসংখ্য লোক আটকা পড়েছে। তবে কতজন মানুষ আটকা পড়েছে, তা নির্দিষ্ট করে কর্তৃপক্ষ তাত্ক্ষণিকভাবে বলতে পারেনি। ক্রাইস্টচার্চের মেয়র বলছেন, চার লাখ মানুষের অধ্যুষিত শহরটি এখন যুদ্ধবিধ্বস্ত এলাকায় পরিণত হয়েছে।শহরটিতে গত বছরের সেপ্টেম্বরেও সাত দশমিক এক তীব্রতার ভূমিকম্প আঘাত হেনেছিল। ধারণা করা হচ্ছে, গতকালের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ হবে।