নিউজিল্যান্ডে ৬ মাত্রার ভূমিকম্প, ১০ জন আহত
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে আজ সোমবার কয়েক দফা ভূমিকম্প হয়েছে। এর মধ্যে রিখটার স্কেলে একটির মাত্রা ছিল ৬। ভূমিকম্পে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ ছাড়া একটি ভবন ধসে পড়েছে এবং পাহাড়ি এলাকার রাস্তা কিছুটা দেবে গেছে। ওই এলাকায় প্রায় ৫০ হাজার বাড়িতে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়েছে।নিউজিল্যান্ডের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ (সিভিল ডিফেন্স) জানায়, স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে ৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এতে ১০ জন আহত হয়। ক্রাইস্টচার্চ শহর থেকে চার মাইল দক্ষিণ-পূর্বে কোনো এক স্থানে পাঁচ দশমিক ছয় মাইল গভীরে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল।সিভিল ডিফেন্স আরও জানায়, ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া দুজনকে উদ্ধার করা হয়েছে। তবে আর কারও আটকে পড়ার খবর পাওয়া যায়নি। ক্রাইস্টচার্চ শহরের মেয়র বব পার্কার রেডিও নিউজিল্যান্ডকে বলেন, ভূমিকম্পের পরেই পুরো শহর যেন ধুলোয় ঢেকে যায়।দেশটির প্রধানমন্ত্রী জন কে বলেন, ‘নতুন এ ভূমিকম্প আমাদের পূর্বের স্থানান্তরের কাজকে কিছুটা বাধাগ্রস্ত করবে। তবে আমরা কাজ চালিয়ে যাব।’ ক্রাইস্টচার্চে পুলিশের মুখপাত্র স্টিভেন হিল রয়টার্সকে বলেন, ‘আজকের ভূমিকম্পে একটি ভবন ধসে পড়ে। আগের ভূমিকম্পের তুলনায় এবার ক্ষতির পরিমাণ সামান্য।’চার মাস আগে সেখানে ছয় দশমিক তিন তীব্রতার ভূমিকম্প হয়। এতে প্রায় ১৮১ জনের প্রাণহানি ঘটে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ভূমিকম্পের পর থেকে এখানকার ক্ষতিগ্রস্ত ভবনগুলো অন্যত্র স্থানান্তরের কাজ করা হচ্ছিল। এ অবস্থায় আজ আবার ভূমিকম্প হয়।