নিউজিল্যান্ডের অন্য রকম প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল মুখোমুখি নিউজিল্যান্ড-জিম্বাবুয়ে। টেস্টের কুলীন গোত্রে থেকেও দুই দলই এখন দুই ক্ষয়িষ্ণু শক্তি। আহমেদাবাদের এই লড়াইকে ‘বড়’ ম্যাচ বলবেন? দুই দলই নিজেদের সেরা সময়টা পেছনে ফেলে এখন ধুঁকছে। জিম্বাবুয়ে তো যেন আবার শুরু করেছে শূন্য থেকে। টেস্ট ক্রিকেট থেকে স্বেচ্ছা নির্বাসনে গিয়ে খেলছে শুধু সীমিত ওভারের ক্রিকেট। নিউজিল্যান্ডের অবস্থাও ভালো নয়। নিউজিল্যান্ড-জিম্বাবুয়ের ম্যাচকে হয়তো অনেকেই ‘বড়’ ম্যাচের তালিকায় রাখতে চাইবেন না। কিন্তু একদিক দিয়ে এই ম্যাচটাই কিন্তু ‘এ’ গ্রুপের সবচেয়ে বড় ম্যাচ! ‘এ’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা, পাকিস্তান, অস্ট্রেলিয়া—তিন দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত বলেই ধরে নিচ্ছে সবাই। বাকি জায়গাটি থাকবে কার দখলে? নিউজিল্যান্ড, নাকি জিম্বাবুয়ের?আশা জিম্বাবুয়ে যেমন করছে, নিউজিল্যান্ডের তো করাই উচিত। বিশ্বকাপে পাঁচবার সেমিফাইনাল খেলা দল তো তারাই। কেনিয়া-কানাডার যে হাল, তাতে কোয়ার্টার ফাইনালে খেলার আশা হয়তো তারা ছেড়েই দিয়েছে। চতুর্থ স্থানটি নিয়ে তাই বেশ জমবে লড়াই। কালকের ম্যাচটি তাই এ দুই দলের জন্যই মহাগুরুত্বপূর্ণ। যাদের জয় হবে, শেষ আটের পথে এগিয়ে থাকবে সে দলই। এই ম্যাচকে সামনে রেখেই নিউজিল্যান্ড প্রস্তুত হচ্ছে নতুনভাবে। অস্ট্রেলিয়া ও কানাডা দুই দলের বিপক্ষেই জিম্বাবুয়ে শুরুতেই একপ্রান্ত দিয়ে স্পিন আক্রমণ সাজিয়েছে। রেমন্ড প্রাইস, ক্রেমার, উতসেয়া—স্পিন ভরসার জিম্বাবুয়ে নিউজিল্যান্ডের বিপক্ষেও স্পিন দিয়ে আক্রমণ শুরু করবে, এটা ধরেই নিয়েছেন মার্টিন গাপটিল। তাই নতুন বলে স্পিন খেলার অনুশীলন করছেন নেটে। ‘ড্যানিয়েল ভেট্টোরি আর নাথান ম্যাককালাম নেটে আমাদের নতুন বলে বল করছে। নতুন বলে কীভাবে স্পিন খেলতে হয়, তা আয়ত্ত করছি’—বলেছেন নিউজিল্যান্ড ওপেনার। অস্ট্রেলিয়ার বিপক্ষে হতাশ করেছে তাঁর ব্যাট। ২৫ বলে ১০ রান করে আউট। ওয়ানডে অভিষেকেই সেঞ্চুরি করা গাপটিল এ নিয়ে হতাশ নন, ‘শুধু মানসিক দৃঢ়তা লাগবে। ভালো একটা শুরু করতে হবে এবং এরপর ধীরে ধীরে ইনিংসটা লম্বা করতে হবে। আমি কেনিয়ার বিপক্ষে ভালো করেছি। অন্য দলগুলোর বিপক্ষে ভালো না করার কোনো কারণ দেখি না।’ গাপটিলের সতীর্থ টিম সাউদি বলেছেন, ‘জিম্বাবুয়ের ম্যাচের জন্য নিউজিল্যান্ড প্রস্তুত।’ দুই ম্যাচে চার উইকেট নেওয়া ডানহাতি এই পেসারের লক্ষ্য টুর্নামেন্টের শীর্ষ ১০ উইকেটশিকারির তালিকায় জায়গা করে নেওয়া। এএফপি, ওয়েবসাইট।